বেধে দেয়া সময়ের মধ্যে সাংবাদিক মারধরের ঘটনার বিচার না হওয়ায় আজ সোমবার থেকে প্রশাসন ভবন অবরোধ করবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কর্মরত সাংবাদিকরা।
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সোম ও মঙ্গলবার এ দু’দিন সকাল সাড়ে ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রশাসন ভবন অবরোধ কর্মসূচি পালন করবে সাংবাদিকরা।
এর আগে চলমান পূজার ছুটির মধ্যেই সাংবাদিক মারধরের ঘটনায় তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে দোষীদের সর্বোচ্চ শাস্তি দাবি করে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামকে স্মারকলিপি দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কর্মরত সাংবাদিকরা। স্মারকলিপিতে দাবি আদায় না হলে ১৭ অক্টোবর থেকে প্রশাসন ভবন অবরোধের ঘোষণা দেয়া হয়।
প্রসঙ্গত, গত ৮ জুন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে সংবাদ সংগ্রহ ও বহিরাগত এক তরুণীকে বাঁচাতে গিয়ে মীর মশাররফ হোসেন হলের কতিপয় ছাত্রলীগ নেতাকর্মীর হামলায় আহত হন জাহঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি ও জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র শফিকুল ইসলাম। এ ঘটনার চারমাস পার হলেও এখন পর্যন্ত দোষীদের বিচার সম্পন্ন করেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এমএনজে





