‘নিঃশব্দ থামাও, থামাও এই মর্মঘাতী করুণ বিনাশ’ স্লোগানকে সামনে রেখে জাহাঙ্গীরনগর থিয়েটারের ৯ দিনব্যাপী নাট্যোৎসব- ২০১৭ শেষ হয়েছে। নাট্যোৎসবের শেষ দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর।
প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি মন্ত্রী বলেন, ‘আমাদরে দেশের রাজনীতিতে মেধাবী ও সৎ মানুষের প্রয়োজন আছে। যদি মেধাবী ও সৎ মানুষেরা রাজনীতিতে না আসে তাহলে রাজনীতি মেধাশূন্য হবে। আর রাজনীতি মেধাশূন্য হলে জনগণের স্বার্থ সংরক্ষিত হবে না।
নাট্যশ্রমিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমরা যেসব নাট্যশ্রমিক এখনো লড়াই চালিয়ে যচ্ছি, সে লড়াইটা হচ্ছে সাতচল্লিশের সঙ্গে একাত্তরের লড়াই। একাত্তরে আমরা স্বাধীনতা পেয়েছি ঠিকই, কিন্তু একাত্তরের যে চেতনা, আদর্শ ও লক্ষ্য নিয়ে আমরা স্বাধীন হয়েছি সেগুলো আমরা এখনো পুরোপুরি বাস্তবায়ন করেতে পারিনি। ফলে সংঘাতটা এখনো সাতচল্লিশ বনাম একাত্তর।
সাতচল্লিশের কিছু অপশক্তি এখনো রয়ে গেছে বলে তিনি আরো বলেন,সেই সক্রিয় অপশক্তিকে প্রতিহত করার জন্য সংস্কৃতি কর্মীসহ সকলকেই কাজ করতে হবে।
এসময় জাহাঙ্গীরনগর থিয়েটারের পক্ষ থেকে আসাদুজ্জামান নূরকে সম্মাননা তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম।নাট্যোৎসবে তরুণ অভিনেতা ও নাট্যনির্দেশক বাকার বকুলকে ‘অলোক কুমায় রায় স্মৃতিপদক’ প্রদান করা হয়।
আলোচনা শেষে জাবি থিয়েটারের প্রযোজিত নাটক ‘ট্রেন টু পাকিস্তান’ উপভোগ করেন তিনি।
অনুষ্ঠান শেষে প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. এ কে এম শাহনেওয়াজকে সভাপতি, ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক গোলাম রাব্বানীকে সহ-সভাপতি এবং ইতিহাস বিভাগের শিক্ষার্থী হাফিজুর রহমান রানাকে সাধারণ সম্পাদক করে ২০ সদস্যবিশিষ্ট ২০১৭ সালের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।
রাইহান/নাজিব





