বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে ময়মনসিংহ আঞ্চলিক কেন্দ্র উদ্বোধন শেষে নগরীর টাউনহল এলাকায় তারেক স্মৃতি অডিটোরিয়ামে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ভিসি জানান, দায়িত্ব গ্রহণের পর বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়নে ৩৯টি সংস্কার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। তিনি বলেন, "শিক্ষা কারিকুলাম ইতোমধ্যে দুইবার সংশোধন করা হয়েছে এবং তৃতীয়বারের জন্য প্রস্তুতি চলছে। জাতীয় বিশ্ববিদ্যালয়কে কেবল একটি ‘বোর্ড’ হিসেবে নয়, বরং একটি পূর্ণাঙ্গ আধুনিক বিশ্ববিদ্যালয় হিসেবে রূপান্তর করাই আমাদের মূল লক্ষ্য।"

'বছরে ৩ লাখ গ্র্যাজুয়েট বেকার থাকছে'

দেশের উচ্চশিক্ষার সংকট তুলে ধরে ড. আমানুল্লাহ বলেন, "প্রতি বছর জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রায় ১০ লাখ গ্র্যাজুয়েট বের হচ্ছে, যার মধ্যে ৩ থেকে সাড়ে ৩ লাখ শিক্ষার্থী চাকরি পাচ্ছে না। এই ধারা চলতে থাকলে ১০ বছরে বেকারের সংখ্যা ৩০ লাখে পৌঁছাবে। এই বিশাল চাপ সামলানো রাষ্ট্রের জন্য কঠিন। তাই আমরা সিলেবাস যুগোপযোগী করছি যেন শিক্ষার্থীরা দেশে ও বিদেশে সরাসরি চাকরির সুযোগ পায়।"

বিশেষ পদক্ষেপসমূহ:

ন্যাশনাল এক্সাম সেন্টার: সারা দেশের ৩০০টি সংসদীয় আসনে আধুনিক 'জাতীয় পরীক্ষা কেন্দ্র' স্থাপনের প্রস্তুতি চলছে।

আইসিটি ও ল্যাব সুবিধা: ইংরেজি ও আইসিটি বিষয় বাধ্যতামূলক করা হয়েছে। যেসব প্রত্যন্ত অঞ্চলের কলেজে ল্যাব নেই, সেখানে জাতীয় বিশ্ববিদ্যালয় নিজস্ব উদ্যোগে কম্পিউটার সরবরাহ করবে।

ট্রেড কোর্স ও মনিটরিং: কর্মমুখী শিক্ষার জন্য ট্রেড কোর্স চালুর পাশাপাশি কলেজগুলোতে নিয়মিত অডিট ও মনিটরিং ব্যবস্থা জোরদার করা হয়েছে।

প্রেক্ষাপট ও ভবিষ্যৎ পরিকল্পনা

১৯৯২ সালে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল উচ্চশিক্ষাকে সুসংগঠিত করা। ভিসি আক্ষেপ করে বলেন, ৪০ লাখ শিক্ষার্থীর এই বিদ্যাপীঠ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হলেও কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে এখনো অনেক পথ বাকি। তিনি শিক্ষকদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের ক্লাসে ফেরাতে বিশেষ প্রণোদনার ওপর জোর দেন।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য মো. কামরুল হাসান, সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন, আনন্দমোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মো. শাকির হোসেন এবং আঞ্চলিক কেন্দ্র সমন্বয় দপ্তরের পরিচালক মো. আমিনুল আক্তার।

এর আগে, নগরীর মধ্য বাড়েরা এলাকায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ময়মনসিংহ আঞ্চলিক কেন্দ্রের নতুন কার্যালয় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

এমএম