বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে বুধবার গভীর রাতে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) অনশনরত শিক্ষার্থীদের ওপর হামলা করেছে মুখোশধারী দুর্বৃত্তরা।

এ সময় বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষককেও কুপিয়ে আহত করা হয়েছে। আহত শিক্ষক-শিক্ষার্থীদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

আহত শিক্ষকরা হলেন- ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষক মোস্তাফিজুর রহমান রিপন, রসায়ন বিভাগের শিক্ষক এইচ এম তারিকুল ইসলাম ও ব্যবস্থাপনা বিভাগের আজিজার রহমান।

শিক্ষার্থীরা হলেন- শাহজাহান, রকি, সাদ্দাম, সাহেদ, ইমরান, উজন ও দেবাশীষ।

বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনাসহ ৮ দফা দাবিতে বুধবার বিকেল ৬টা থেকে পুলিশ ক্যাম্পের সামনে তৈরি অস্থায়ী মঞ্চে আমরণ অনশন শুরু করেন শিক্ষার্থীরা।

আহত শিক্ষক মোস্তাফিজুর রহমান রিপন দ্য রিপোর্টকে জানান, গভীর রাতে মুখোশধারী দুর্বৃত্তরা অনশনরত শিক্ষার্থীদের ওপর হামলা করে। এর পর তারা শিক্ষকদের বাসার (ডরমেটরি) দিকে এসে তাকে ও তার সহকর্মীকে আক্রমণ করে। বাসা ভাঙচুর করে।

আহত শিক্ষার্থীরা জানান, নিরাপত্তার জন্য তারা প্রক্টরিয়াল বডির কাছে লিখিত চিঠি দিয়েছিল। কিন্তু তারা নিরাপত্তার ব্যবস্থা না করে রাত সাড়ে ৮টায় উঠে যেতে বলেন। অনশন অব্যাহত রাখায় দুর্বৃত্তরা বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে তাদের ওপর হামলা করে। এ সময় পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি।

এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মধ্যরাতেই উত্তাল হয়ে উঠে ক্যাম্পাস। শিক্ষার্থীরা দফায় দফায় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। পরে তারা বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিক্ষোভ কর্মসূচি দিয়ে ক্যাম্পাস ত্যাগ করেন।

বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) শফি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গভীর রাতে দুর্বৃত্তরা শিক্ষার্থী ও শিক্ষকদের ওপর হামলা চালালে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বিপুল সংখ্যক পুলিশ ক্যাম্পাসে মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।

এএইচ