শনিবার (১৫ এপ্রিল) রাষ্ট্রপতির নির্দেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্ম সচিব মো. মাহমুদুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়সমূহের চ্যান্সেলরের অভিপ্রায় অনুযায়ী বিগত সময়ে যে সকল পাবলিক বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভর্তি পরীক্ষায় যুক্ত ছিল তাদের অংশগ্রহণে ২০২২-২৩ শিক্ষাবর্ষে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা কার্যক্রম সম্পন্ন করতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনকে দায়িত্ব প্রদান করা হল।
একইসাথে ২০২৩-২৪ শিক্ষাবর্ষ হতে সকল পাবলিক বিশ্ববিদ্যালয়কে একক ভর্তি পরীক্ষার আওতায় নেয়ার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনকে দায়িত্ব দেওয়া হয়েছে।
এদিকে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একাডেমিক কাউন্সিলের মাধ্যমে গুচ্ছ থেকে বের হয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ইসলামী বিশ্ববিদ্যালয়। ইতোমধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয় নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণের জন্য ভর্তি বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বলেন,‘রাষ্ট্রপতির উপরে তো আর কেউ নাই৷ আমাদের আইনেও আছে ওনার অভিপ্রায় আমাদের জন্য শিরোধার্য। এই হিসেবে তো আমাদের কলিগদের উচিত এটাকে সম্মান দেখানো। আর এক বছরের জন্যই তো, পরের বছর সব একসাথেই হবে। সেই হিসেবে আমি আশা করি আমার কলিগরা বিষয়টা পজিটিভলি নিয়ে এটা গ্রহণ করবে।’
এনএইচ





