প্রথম উপন্যাসের জন্যই ম্যান বুকার পেলেন যুক্তরাষ্ট্রের সাহিত্যিক জর্জ সন্ডার্স। 'লিংকন ইন দ্য বার্ডো' উপন্যাসের জন্য তিনি এ পুরস্কার লাভ করেছেন। ছেলের কবরের পাশে যুক্তরাষ্ট্রের ষোড়শ প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের একটি রাতের শোকের পটভূমি নিয়ে এ উপন্যাসের কাহিনি।
৫৮ বছর বয়সী সন্ডার্স দ্বিতীয় মার্কিন লেখক হিসেবে এ পুরস্কার পেলেন। মঙ্গলবার লন্ডনের গিল্ডহলে এক অনুষ্ঠানে তার হাতে ৫০ হাজার পাউন্ড অর্থমূল্যের বিশ্ব সাহিত্যের সম্মানজনক এ পুরস্কার তুলে দেন ডাচেস অব কর্নওয়াল।
এ বছর বুকারের সংক্ষিপ্ত তালিকায় আরও ছিলেন ব্রিটিশ লেখক আলী স্মিথ, ফিওনা মোজলি, মার্কিন লেখক পল অস্টার, এমিলি ফ্রিডলান্ড ও পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ লেখক মহসিন হামিদ।
পুরস্কার ঘোষণার পর সন্ডার্স বলেন, আমার জন্য এটা বিরাট সম্মানের। আশা করি, এটি আমার কাজকে অনুপ্রাণিত করবে।
মূলত গল্পকার সন্ডার্সের জন্ম টেক্সাসে। বর্তমানে থাকেন নিউ ইয়র্কে। এর আগে বিভিন্ন গল্পগ্রন্থের জন্য পুরস্কৃত হয়েছেন তিনি। পুরস্কারপ্রাপ্ত 'লিংকন ইন দ্য বার্ডো' তার প্রকাশিত নবম বই। সূত্র: বিবিসি।
এমএ





