রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইংরেজি বিভাগের অধ্যাপক এএফএম রেজাউল করিম হত্যাকাণ্ডের ছয় মাস পার হলেও এখনো জমা দেয়া হয়নি চার্জশিট। এ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।
তবে তদন্ত কর্মকর্তা বলছেন প্রায় শতভাগ কাজ তারা করে ফেলেছেন। অল্প কিছুদিনের ভেতরে তারা চার্জশিট জমা দিতে পারবেন।
অধ্যাপক রেজাউল হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক রেজাউস সাদিক বলেন, আমরা প্রায় শতভাগ কাজ শেষ করে ফেলেছি। খুব অল্প সময়ের মধ্যে আমরা চার্জশিট জমা দিতে পারবো বলে আশা করছি।’ তবে কতো দিনের ভেতর এই চার্জশিট জমা দিতে পারবেন তা তিনি বলেননি।
এদিকে রোববার বেলা ১১টার দিকে এই হত্যাকাণ্ডের ছয়মাস পূর্তি এবং সুষ্ঠু তদন্ত ও বিচারে দাবিতে শোকর্যালি ও সমাবেশ করেছে বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা। শোক র্যালিটি বিভাগের সামনে থেকে শুরু হয়ে মুকুল প্রতিবাদ ও সংহতি মঞ্চে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে ইংরেজি বিভাগের সভাপতি অধ্যাপক মাসউদ আখতার বলেন, রেজাউল স্যারের হত্যাকাণ্ডের ছয়মাস পেরিয়ে যাচ্ছে এই ছয় মাসে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আন্দোলন করেছে। তবে প্রশাসনের পক্ষ থেকে তদন্তে কিছু অগ্রগতি হয়েছে জানানো হলেও এখনো চার্জশীি জমা দেয়া হয়নি। দ্রুত চার্জশিট জমা দিয়ে বিচারের কাজ দ্রুত শুরু করার তীব্র দাবি জানান তিনি।
নিহত অধ্যাপক রেজাউলের মেয়ে রেজওয়ানা হাসিন শতভি বলেন, আমরা শুনেছি মূল আসামি নাকি দেশে নেই, ভারতে পালিয়েছে। আমি জানতে চাই তাকে ধরার জন্য আমাদের এখানে কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ছয়মাসেও চার্জশিট জমা না দেয়ায় আমি ও আমার পরিবার হতাশ হয়ে পড়ছি।
গত ২৩ এপ্রিল নগরীর শালবাগান এলাকায় নিজ বাড়ির অদূরে অধ্যাপক রেজাউল করিমকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহত শিক্ষকের ছেলে রিয়াসাত ইমতিয়াজ সৌরভ বাদী হয়ে বোয়ালিয়া মডেল থানায় হত্যা মামলা করেন।
এমএনজে





