পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য পৃথক বেতন স্কেলের দাবি জানিয়েছে ভিসিরা। আজ সোমবার বিকেলে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসিরা শিক্ষামন্ত্রীর সাথে সাক্ষাত করে এ দাবি তুলে ধরেন।

এ সময় তারা ভিসিদের জন্য ওয়ারেন্ট অব প্রিসিডেন্সে (রাষ্ট্রীয় মর্যাদাক্রম) আলাদা সম্মান এবং ভিসির দায়িত্ব পালনের জন্য পৃথক ভাতারও দাবি জানিয়েছেন।

পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসিদের সংগঠন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের ব্যানারে তারা আজ বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সাথে বৈঠক করেন। এ বৈঠকেই শিক্ষামন্ত্রীর কাছে উল্লিখত দাবি তুলে ধরেন ভিসিরা।

বৈঠকে ভিসিদের নেতৃত্ব দেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের সভাপতি মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক মোঃ আলাউদ্দিন।

বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসিরা উপস্থিত ছিলেন।

শিক্ষাসচিব সোহরাব হোসাইন ও অতিরিক্ত সচিব হেলালউদ্দিন এ সময় উপস্থিত ছিলেন।

ভিসিদের উত্থাপিত দাবি-দাওয়া সম্পর্কে শিক্ষামন্ত্রী তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেননি। তবে, ভিসিদের সব বক্তব্য শোনেন ও তা প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে সমাধানের আশ্বাস দেন।

বৈঠক সম্পর্কে অতিরিক্ত সচিব হেলাল উদ্দিন বলেন, বৈঠকে শিক্ষামন্ত্রী বিশ্ববিদ্যালয়গুলোতে জঙ্গিবাদ প্রতিরোধে ছাত্র-শিক্ষকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য ভিসিদের প্রতি আহ্বান জানান।

জঙ্গিবাদ বিষয়ে সরকারের ‘জিরো টলারেন্স’কে বাস্তবায়নে সহায়তার অনুরোধ করেন। জঙ্গিবাদ প্রতিরোধে সরকার ও মন্ত্রণালয়কে সহায়তার আশ্বাস দেন ভিসিরা।

এমবি