ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আন্তঃবিভাগ ও আন্তঃহল টেবিল টেনিস, বাস্কেটবল ও ব্যাডমিন্টন প্রতিযোগিতা ২০১৯ এর উদ্বোধন হয়েছে।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামে এর উদ্বোধন করেন উপাচার্র্য প্রফেসর ড. হারুন-উর-রশীদ আসকারী। ৩৩ বিভাগ ও আটটি হল প্রতিযোগিতায় অংশগ্রহন করছে।
জানা যায়, মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয় ক্রীড়া কমিটির আহবায়ক উপ-উপচার্য প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমানের সভাপতিত্বে ও শারীরিক শিক্ষা বিভাগের কর্মকর্তা মাবিলা রহমানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. হারুন-উর-রশীদ আসকারী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা।
এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ছাত্র উপদেষ্ঠা ড. পরেশ চন্দ্র বর্মণ, ভারপ্রাপ্ত প্রক্টর সহযোগী অধ্যাপক আনিছুর রহমান, ক্রীড়া পরিচালক ড. মোঃ সোহেল প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষায়, গবেষণায় এবং খেলাধুলাতে সমানভাবে এগিয়ে যাচ্ছে। প্রতিটি ছাত্র এবং ছাত্রীকে শারীরিক শিক্ষার মাধ্যমে একেকজন অ্যাথলেট হিসেবে গড়ে উঠতে হবে। বিভিন্ন জায়গায় মেয়েরা যে শারীরিক হয়রানির শিকার হয় তা মোকাবেলার জন্য মেয়েদেরকে খেলাধুলার মাধ্যমে শরীর চর্চা করতে হবে।’
উদ্বোধনী অনুষ্ঠানের পর ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ এবং মার্কেটিং বিভাগের মধ্যকার ব্যাডমিন্টন খেলার মাধ্যমে প্রতিযোগিতাটি শুরু হয়।
মুনজুরুল/এসএম





