কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১৪-১৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষা আগামী ২৩ নভেম্বর থেকে শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় সোমবার এ সিদ্ধান্ত নেয়া হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আজ বেলা ১১টার দিকে প্রশাসন ভবনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবদুল হাকিম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।
ওই সভার সিদ্ধান্ত মোতাবেক, আগামী ২৩ নভেম্বর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা-সংক্রান্ত অন্য যাবতীয় তথ্য পরে জানানো হবে বলে জনসংযোগ অফিস জানিয়েছে।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবদুল হাকিম সরকার বলেন, ‘অন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমন্বয় করে কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে।’
ঢাকা, ৭ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





