প্রাথমিক স্তরে উপবৃত্তি বিতরণে অনিয়মের অভিযোগে গঠিত তদন্ত কমিটি চার জন প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার সুপারিশ করেছে। একইসঙ্গে পরবর্তীতে উপবৃত্তির অর্থ বিতরণে অনিয়ম হলে সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং মন্ত্রণালয় ও অধিদফতরের কর্মকর্তাদের নিয়ে ভিজিলেন্স টিম গঠন করে উপবৃত্তির টাকা বিতরণসহ চার সুপারিশ করেছে তদন্ত কমিটি। মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

মন্ত্রণালয় সূত্র জানায়, উপবৃত্তির টাকা বিতরণে অনিয়মের অভিযোগে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার জামতৈল উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু শামা, কুমিল্লার মুরাদনগর উপজেলার মেটাংঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম ও হোসনেবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম মাসুমা সারোয়ার এবং মাদারীপুরের কালিকিনি উপজেলার নবগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হালদার বানী বালার বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার সুপারিশ করেছে তদন্ত কমিটি।

পাশাপাশি পরবর্তীতে উপবৃত্তির টাকা বিতরণে অনিয়ম বন্ধে ৪ দফা সুপারিশ করা হয়েছে। এগুলো হলো, ভবিষ্যতে উপবৃত্তির টাকা বিতরণের সময় প্রতি উপজেলায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা এবং প্রাথমিক শিক্ষা অধিদফতর থেকে দুইজন কর্মকর্তার সমন্বয়ে ‘ভিজিলেন্স টিম’গঠন করে উপবৃত্তির টাকা বিতরণ করা যেতে পারে। প্রকল্প পরিচালককে আরও সক্রিয় হতে হবে, যাতে প্রতি জেলায় কর্মরত মনিটরিং কর্মকর্তারা নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করেন।প্রকল্প পরিচালককে আরও নিবিড়ভাবে তদারকির ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাকে বিতরণ কার্যক্রম তদারকির জন্য আরও জবাবদিহিতার আওতায় আনতে হবে। যে জেলায় সুষ্ঠুভাবে উপবৃত্তির টাকা বিতরণ হবে সেই জেলার কর্মকর্তাদের দেশে-বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। যেখানে উপবৃত্তি বিতরণে অনিয়ম হবে সেখানকার সংশ্লিষ্ট উপজেলা শিক্ষা কর্মকর্তাসহ মনিটরিং কর্মকর্তাকে ব্যক্তিগতভাবে দায়ী করা যেতে পারে এবং তাদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেয়া যেতে পারে। গত ২৯ নভেম্বর তদন্ত কমিটি এসব সুপারিশ করে।এসব সুপারিশের ভিত্তিতে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এ ব্যাপারে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব ও তদন্ত প্রতিবেদন তৈরির সমন্বয়ক নেছার আহমদ বলেন, ১১ কর্মকর্তার প্রতিবেদন পাওয়ার পর তা পর্যালোচনা ও অনুমোদন শেষে অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে প্রাথমিক শিক্ষা অধিদফতরে চিঠি পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাসে ৫০ টাকা এবং প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের ১০০ টাকা করে উপবৃত্তি দেয়া হচ্ছে। গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে ২০ জেলার ২৫ উপজেলায় উপবৃত্তির টাকা বিতরণে অনিয়ম তদন্তে গত ৩ অগাস্ট মন্ত্রণালয়ের ১১ কর্মকর্তাকে দায়িত্ব দেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

এমএনজে