রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০১৬-১৭ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। সোমবার রাতে এ ফল প্রকাশ করা হয়।

ভর্তি কমিটির সভাপতি প্রফেসর ড. আব্দুস সোহবান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। রুয়েট প্রশাসনিক ভবনের নোটিশ বোর্ডে এবং www.ruet.ac.bd ওয়েবসাইটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

ফলাফলে ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ‘ক’ গ্রুপে প্রকৌশল বিভাগসমূহ ও বিইউআরপি বিভাগে ভর্তির জন্য ১ থেকে ২৪৯৮তম প্রার্থীর মেধাক্রম অনুযায়ী তালিকা প্রকাশ করা হয়েছে। এ ছাড়া ‘খ’ গ্রুপে আর্কিটেকচার বিভাগে ভর্তির জন্য ১ থেকে ১২৮তম প্রার্থীর মেধাক্রম অনুযায়ী তালিকা প্রকাশ করা হয়।

আগামী ১ ডিসেম্বর সকাল ৯টায় মেধা তালিকায় ‘ক’ গ্রুপে ১ থেকে ৫০০তম পর্যন্ত এবং ‘খ’ গ্রুপে ১ থেকে ৩০তম স্থান অর্জনকারী এবং ২ ডিসেম্বর মেধা তালিকায় ‘ক’ গ্রুপে ৫০১ থেকে ৮৪০তম পর্যন্ত স্থান অর্জনকারী শিক্ষার্থীদের ভর্তি করা হবে।

নির্ধারিত সময়ে কোনো প্রার্থী ভর্তি হতে ব্যর্থ হলে তার ভর্তির যোগ্যতা বাতিল হয়ে যাবে এবং আসন শূন্য থাকা সাপেক্ষে মেধা তালিকা থেকে শূন্য আসনে ভর্তি করা হবে।

ভর্তির নিয়মাবলি এবং প্রয়োজনীয় ডকুমেন্টসের তালিকা রুয়েট প্রশাসনিক ভবনের নোটিশ বোর্ডে এবং www.ruet.ac.bd ওয়েবসাইটে ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। ভর্তির সময় ভর্তি ফি বাবদ ১৬ হাজার টাকা রূপালী ব্যাংক রুয়েট শাখায় জমা দিতে হবে।

ভর্তির জন্য নির্ধারিত তারিখ ও অন্যান্য তথ্যাদি প্রার্থীকে নিজ দায়িত্বে জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।


এমএনজে