নড়াইল শহরের রূপগঞ্জে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার বিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্র কেনার সময় দুই অভিভাবক এবং দুই প্রশ্নবিক্রেতাকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে শহরের রূপগঞ্জে  ‘এম আর মাসুম কম্পিউটার’  থেকে প্রশ্নপত্র কিনতে আসা দুই অভিভাবক পৌরসভার কুড়িগ্রাম এলাকার রওশন আরা ও ভাদুলীডাঙ্গার রণজিত বিশ্বাসকে আটক করা হয়। এ সময় প্রশ্ন বিক্রেতা দোকান মালিক মাসুম বিশ্বাস, কর্মচারী জাহাঙ্গীর হোসেন কে আটক করে পুলিশ।

ওই দোকান থেকে প্রশ্নপত্র প্রিন্টের কাজে ব্যবহৃত একটি কম্পিউটার জব্দ করা হয়েছে।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, প্রাথমিকভাবে চারজনকে আটক করা হলেও দুই অভিভাবক রওশন আরা ও রনজিতকে আসামি করা হবে কিনা, তা এখনো সিদ্ধান্ত হয়নি।

আজ বুধবার বেলা ১১টায় বিজ্ঞান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার প্রশ্নের সঙ্গে বিক্রিত প্রশ্নের মিল থাকবে কিনা, তা খতিয়ে দেখা হবে।

ইআর