বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মতো পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকেও বাণিজ্যিক প্রতিষ্ঠানে পরিণত করার চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক অজয় রায়।
রোববার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত 'সান্ধ্য কোর্স ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের বাণিজ্যিকীকরণ' শীর্ষক এক গোলটেবিল আলোচনায় এ মন্তব্য করেন তিনি।
তিনি বলেন,‘বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সান্ধ্য কোর্স ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের বাণিজ্যিকীকরণ করার কারণে শিক্ষার্থীদের লেখাপড়ার মান নষ্ট হয়ে যাবে।’
গোলটেবিল আলোচনায় বক্তারা বলেন,‘বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের এই কৌশলপত্রকে আমরা অবৈধ মনে করি। এর বিরুদ্ধে যদি আইনের ব্যবস্থা নেওয়া যায়,তাহলে সেটা বাতিল হয়ে যাবে।’
বক্তারা বলেন, আমাদের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন শিক্ষার বাণিজ্যিকীকরণের নীতি বাস্তবায়নের লক্ষ্যে ২০ বছর মেয়াদি উচ্চশিক্ষা সংস্কার কৌশলপত্র প্রণয়ন করেছে। যার মূল কথা হচ্ছে উচ্চশিক্ষার ক্ষেত্রে ক্রমাগত সরকারি বরাদ্দ কমাও এবং বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ আয় বাড়াও।
বাংলাদেশ ছাত্র মৈত্রী আয়োজিত এই আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন অধ্যাপক নূর মোহাম্মদ তালুকদার,সংসদ সদস্য ফজলুল হক বাদশা,ছাত্রলীগের সভাপতি বদিউজ্জামান সোহাগ,ছাত্র ইউনিয়নের সভাপতি হাসান তারিক, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি নান্টু প্রমুখ।
[b]ঢাকা, ৬ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]