সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে এক শিক্ষার্থীকে ‘জঙ্গি সন্দেহে’ আটক করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।

আটক আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়ের ইন্ড্রাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র।

আইন-শৃঙ্খলা বাহিনীর সাদা পোশাকের একটি দল সোমবার দুপুরের পরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে তাকে আটক করে নিয়ে যায় বলে ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক রাশেদ তালুকদার জানান।

“কাউকে কিছু না জানিয়েই তারা আজিজকে আটক করে নিয়ে যায়।

পরে জালালাবাদ থানার ওসি আক্তার হোসেন আমাদের জানান, উপরের নির্দেশে তাকে আটক করা হয়েছে। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।”

এ বিষয়ে যোগাযোগ করা হলে সিলেটের পুলিশ কমিশনার কামরুল আহসান জানান, “ঢাকা থেকে আসা পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের সদস্যরা ওই তরুণকে আটক করে নিয়ে গেছে।”

কেন তাকে আটক করা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, “জঙ্গি সন্দেহে তাকে ধরা হয়েছে।”

তবে ঠিক কী অভিযোগে ওই যুবককে আটক করা হয়েছে, সে কোন জঙ্গি দলে জড়িত- সেসব বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেননি কাউন্টার টেরোরিজম ইউনিটের কর্মকর্তারা।

সহপাঠীরা জানান, আব্দুল আজিজের বাড়ি সিলেটের কোম্পানিগঞ্জে। নগরীর একটি বাড়িতে লজিং থেকে সে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করত।

তিনি কোনো রাজনৈতিক সংগঠনে যুক্ত ছিলেন কি না- সে বিষয়ে কোনো তথ্য শিক্ষার্থীদের কাছে পাওয়া যায়নি।

ওএফ