মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ০৬ মে (সোমবার) প্রকাশ করা হবে।
আজ (০৩ মে) শুক্রবার বিকালে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক মু. জিয়াউল হক এই তথ্য জানিয়েছেন।
জিয়াউল হক জানান, আগামী ৬ মে সকাল ১০টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির হাতে পরীক্ষার ফলের সারসংক্ষেপ তুলে দেবেন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা। সেখানে ফলের বিস্তারিত তুলে ধরবেন শিক্ষামন্ত্রী।
নিয়ম অনুযায়ী প্রতিবার ফল ঘোষণার দিন সকালে প্রধানমন্ত্রীর হাতে ফলের সারসংক্ষেপ তুলে দেন বোর্ড চেয়ারম্যানরা। দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে শিক্ষামন্ত্রী ফলের বিস্তারিত তুলে ধরেন। কিন্তু প্রধানমন্ত্রী দেশের বাইরে থাকায় এবার শিক্ষামন্ত্রীর হাতে ফল তুলে দেওয়া হবে।
উল্লেখ্য, সাধারণ শিক্ষা বোর্ডগুলোর তত্ত্বীয় পরীক্ষা ২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ২৬ ফেব্রুয়ারি শেষ হয়। আর ব্যবহারিক পরীক্ষা ২৭ ফেব্রুয়ারি হতে শুরু হয়ে শেষ ৫ মার্চ। মাদ্রাসা শিক্ষা বোর্ডের তত্ত্বীয় পরীক্ষা ২ ফেব্রুয়ারি শুরু হয়ে ২৭ ফেব্রুয়ারি শেষ হয়। ব্যবহারিক পরীক্ষা ২৮ ফেব্রুয়ারি শুরু হয়ে শেষ হয় ৬ মার্চ। কারিগরি শিক্ষা বোর্ডের তত্ত্বীয় পরীক্ষা ২ ফেব্রুয়ারি শুরু হয়ে শেষ হয় ২৩ ফেব্রুয়ারি। আর ব্যবহারিক পরীক্ষা ২৪ ফেব্রুয়ারি শুরু হয়ে শেষ হয় ২৮ ফেব্রুয়ারি।
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় এবার ২১ লাখ ৩৫ হাজার ৩৩৩ শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ১০ লাখ ৬৪ হাজার ৮৯২ জন ছাত্রী এবং ১০ লাখ ৭০ হাজার ৪৪১ জন ছাত্র।
এমবি





