চলতি বছরে এসএসসি ও সমমানের পরীক্ষায় এ প্লাস প্রাপ্ত মেধাবীদের সংবর্ধনা দিলো দি স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশন।

সোমবার সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ের সিভিল এভিয়েশন উচ্চ বিদ্যালয়ের হলরুমে স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের অঙ্গসংগঠন ফিউচার বিডির ব্যানারে এই সংবর্ধনা জানানো হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিভিল এভিয়েশন উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রতন কুমার। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র আব্দুস সাহিদ।


প্রধান অতিথির বক্তব্যে রতন কুমার বলেন, আজকে যারা এ প্লাস পেয়েছো তাদের আনন্দে উদ্বেল হওয়ার কোনো সুযোগ নেই। সামনের কয়েকটা বছর তোমাদের জীবনের জন্য টার্নিং পয়েন্ট। এই সময়টাতে যারা পরিশ্রমী হবে, তাদেরই ভবিষ্যৎ উজ্জ্বল হবে।

তিনি বলেন, শিক্ষার উদ্দেশ্য মনুষত্বের বিকাশ। যেই শিক্ষা পিতা-মাতা এবং গুরুজনকে শ্রদ্ধা করতে শিখায় না, সেই শিক্ষার কোনো মূল্য নেই। এজন্য নৈতিক শিক্ষার প্রতি তোমাদেরকে জোর দিতে হবে।

এসময় তিনি নারায়নগঞ্জে এমপি কর্তৃক প্রধান শিক্ষককে লাঞ্চিতের ঘটনা উল্লেখ করে বলেন, এই ঘটনা শুধু বাংলাদেশ নয়, বিশ্বের সমস্ত শিক্ষকদেরকে অপমানিত করেছে। আমি সিভিল এভিয়েশন উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

সংবর্ধনা অনুষ্ঠানে তেজগাঁও অঞ্চলের প্রায় শতাধিক এ প্লাস প্রাপ্ত মেধাবীকে ক্রেস্ট প্রদান করা হয়।

স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সদস্য সচিব জামিল মাহমুদের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে ফাউন্ডেশনের ও ফিউচার বিডির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমআইএস