শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে স্থানীয় লোকজনদের সাথে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে।
আজ রোববার সন্ধ্যা ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে উত্যক্ত করলে এ সংঘর্ষের সুত্রপাত ঘটে।
এসময় সিলেট সুনামগঞ্জ মহাসড়কে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর ও ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। রাত সাড়ে ৮টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত থেমে থেমে সংঘর্ষ চলছিল।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী মূল ফটকের সামনে একটি দোকান থেকে ফ্লেক্সিলোড করার সময় তাকে উত্যক্ত করে দুই বখাটে যুবক। এ ব্যাপারে দোকানের মালিককে অভিযোগ করলে তিনি ওই ছাত্রী ও তার বন্ধুদের সাথে দুর্ব্যবহার করেন বলে দাবি করেন শিক্ষার্থীরা।
এসময় আশপাশে থাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা প্রতিবাদ করলে স্থানীয় ব্যবসায়ীদের সাথে বাকবিতণ্ডা ও হাতাহাতির হয়। এর জেরে স্থানীয় এলাকাবাসী ও ব্যবসায়ীদের সাথে শিক্ষার্থীদের সংঘর্ষ বাঁধে। তবে দোকানের মালিকের সাথে যোগাযোগ করা যায়নি।
শেষ খবর পাওয়া পর্যন্ত স্থানীয়রা বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বিশ্ববিদ্যালয়ের মূলফটকের আশেপাশে অবস্থান নিয়েছে। এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও ফটকের অভ্যন্তরে অবস্থান নিয়ে স্লোগান দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়।
এমবি





