রাজশাহী বিশ্ববিদ্যালয় গণিত বিভাগের উদ্যোগে স্নাতক পর্যায়ে ৮ম জাতীয় আঞ্চলিক গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টায় দ্বিতীয় বিজ্ঞান ভবন চত্বরে জাতীয় সঙ্গীতের সাথে পতাকা উত্তোলন ও পায়রা উড়ানোর মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান।
গণিত বিভাগের সভাপতি প্রফেসর ড. মো. ওয়াজেদ আলী প্রামাণিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর সায়েন উদ্দিন আহমেদ, অলিম্পিয়াডের সহ-আহব্বায়ক প্রফেসর এম আনোয়ার হোসেন ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় গণিত বিভাগের সভাপতি প্রফেসর মো. আব্দুল আলিম।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আসাবুল হক, প্রক্টর প্রফেসর মো. মুজিবুল হক আজাদ খান, জনসংযোগ দপ্তরে প্রশাসক অধ্যাপক মো. মশিহুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিন বেলা সাড়ে ১২টায় গণিত বিভাগে অলিম্পিয়াডের সমাপনী অনুষ্ঠানে গাণিতিক মেধা যাচাইয়ের মাধ্যমে সেরা বিবেচিত ১০ জন অংশগ্রহণকারীকে পুরস্কৃত করা হয়। রাজশাহী ও রংপুর বিভাগের বিশ্ববিদ্যালয় ও কলেজের প্রায় ১৬০ জন শিক্ষার্থী এতে অংশ নেয়।
আশিক/নাজিব





