শিক্ষার্থীদের স্কুলে নিয়মিত হেঁটে যাতায়াতে উদ্বুদ্ধ করার পাশাপাশি তারা কিভাবে নিরাপদে হাঁটবে সে বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে দুদিন ব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম শেষ হলো।
পশ্চিম ধানমন্ডির শংকরে অবস্থিত আলী হোসেন বালিকা উচ্চ বিদ্যালয় শিক্ষাথীদের মাঝে ২৫ ও ২৬ আগষ্ট বিদ্যালয় প্রাঙ্গনে প্রশিক্ষণ প্রদান করা হয়।
ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট এর উদ্যোগে “হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয়”শ্লোগানে ”সুস্থতায় স্কুলে হেঁটে যাতায়াতের নিরাপদ পরিবেশ চাই”কর্মসূচির অংশ হিসেবে প্রায় তিনশত শিক্ষার্থী এই প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণ করে।
উক্ত প্রশিক্ষণ কার্যক্রমের প্রতিটি পর্বে হাঁটার উপকারিতা, প্রতিবন্ধকতা ও তা সমাধানের বিভিন্ন দিক সম্পর্কে আলোকপাত করা হয়। শিক্ষার্থীদেরও হাঁটার ক্ষেত্রে যে সমস্ত বিষয়ের প্রতি নজর রাখতে হবে এবং তাদের দায়িত্ব সম্পর্কেও সচেতন করা হয়। হাঁটার স্বাস্থ্যগত উপাকরিতার পাশাপাশি, পরিবেশ অর্থনীতি এবং সামাজিক বিষয়গুলোও উঠে এসেছে।
সেক্ষেত্রে যাতায়াত খরচ, জ্বালানীর উপর নির্ভরশীলতা ও পরিবেশ দূষণ কমানো এবং সামাজিক সম্পর্ক বাড়ানোর ক্ষেত্রে হাঁটার ভূমিকা সম্পর্কে তুলে ধরা হয়। পাশাপাশি রাস্তায় হাঁটার সময় এক প্রান্ত ধরে যাওয়া, ডানে বামে ও সবদিকে যানবাহনের গতিবিধি দেখে রাস্তা পার হওয়া, দলবেধে হাঁটাসহ বিভিন্ন পরামর্শ প্রদান করা হয়।
প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রকৌশলী সাজেদুল আলম। প্রশিক্ষণ প্রদান করেন ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ট্রাস্ট) এর ন্যাশনাল এডভোকেসি অফিসার মারুফ রহমান। উপস্থিত ছিলেন স্থানীয় সমাজ সেবক মনজুর হাসান দিলু, স্কুল কমিটির সদস্য মোঃ খোরশেদ আলম এবং আজহার খান, শিক্ষক মাহফুজা রওশন আক্তার, ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ট্রাস্ট) এর সহকারি প্রকল্প কর্মকর্তা সামিউল হাসান সজিব।
ঢাকা, ২৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ





