বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরুর চিন্তা-ভাবনা করছে শিক্ষা মন্ত্রণালয়।

বিদ্যমান পরিস্থিতি অনুযায়ী ঈদের পর পরীক্ষা নিতে রুটিন প্রস্তুত করা হবে। তবে পরিস্থিতি অনুধাবন করতে আগামী ২৪ এপ্রিল ছুটি শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করা হবে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক বলেন, “আমরা ২৪ এপ্রিলের পর চিন্তাভাবনা করবো ঈদের পরের জন্য একটা রুটিন তৈরি করতে পারি কিনা।”

এর আগে অধ্যাপক মু. জিয়াউল হক জানিয়েছিলেন, “পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরীক্ষা শুরু করা হবে না। পরিস্থিতি স্বাভাবিক হলে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরুর আগেই শিক্ষার্থীদের জানিয়ে দেওয়া হবে সময়সূচি।”

উল্লেখ্য, গত ০১ এপ্রিল চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরুর কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি অফিস আদালত বন্ধ ঘোষণা করায় পরীক্ষা শুরু করা সম্ভব হয়নি।

এমবি