উপাচার্য অধ্যাপক ড. আমিনুল হক ভূঁইয়ার অপসারণ দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) প্রতীকী অনশন পালন করেছেন মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক ফোরামের শিক্ষকরা।

পূর্বঘোষিত আন্দোলনের কর্মসূচি হিসেবে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপাচার্য ভবনের সামনে এ প্রতীকী অনশন পালন করবেন বলে জানান শাবির শিক্ষক সমিতির প্রাক্তন সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক ফারুক উদ্দিন।

ছাত্রলীগের হামলার প্রতিবাদে ও উপাচার্য অপসারণের দাবিতে তৃতীয় দিনের মতো এ কর্মসূচির আয়োজন করে আন্দোলনরত শিক্ষকরা।

এর আগে মঙ্গলবার কালো ব্যাজ ধারণ করে র‌্যালি-সমাবেশ এবং বুধবার কর্মবিরতি ও র‌্যালি-সমাবেশ করেন এ ফোরামের শিক্ষকরা।

অনশনে উপস্থিত ছিলেন মুক্তমনা ফোরামের আহ্বায়ক অধ্যাপক সৈয়দ সামসুল আলম, অধ্যাপক মোহাম্মদ ইউনুছ, অধ্যাপক ইয়াসমিন হক, অধ্যাপক আবদুল গণি ও অধ্যাপক আনোয়ারুল ইসলাম প্রমুখ।

এদিকে, ‘ভিসি তুমি রাস্তা মাপ, ক্যাম্পাস ছেড়ে চলে যেও’ স্লোগান দিয়ে উপাচার্য অধ্যাপক আমিনুল হক ভূঁইয়ার পদত্যাগ দাবিতে বৃহস্পতিবার সাড়ে ১১টায় আন্দোলনে নামে সাধারণ শিক্ষার্থীরা।

প্রসঙ্গত, গত ২৪ আগস্ট শিক্ষা মন্ত্রণালয় থেকে ১১ নির্দেশনাসহ একটি চিঠি আসায় ৩০ আগস্ট সকাল ১০টায় বোর্ড অব অ্যাডভান্সড স্ঠ্যাডিস ও বিকেল ৩ টায় একাডেমিক কাউন্সিলের সভা ডাকেন উপাচার্য অধ্যাপক আমিনুল হক ভূইয়া।

তবে এ সভা প্রতিহত করার ঘোষণা দেন আন্দোলনকারী শিক্ষকেরা। সেই সাথে উপাচার্য যতদিন পর্যন্ত পদত্যাগ না করবে ততদিন আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকরা।

গত ৩০ আগস্ট রোববার উপাচার্যের অপসারণ দাবিতে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক ফোরামের শিক্ষকরা উপাচার্য ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করতে গেলে ছাত্রলীগ তাদের ওপর হামলা করে ব্যানার কেড়ে নেয় এবং মারধর করে বলে অভিযোগ করেন ফোরামের আহ্বায়ক অধ্যাপক সৈয়দ সামসুল আলম।

তবে এর আগে উপাচার্য তার কার্যালয়ে ঢুকতে গেলে আন্দোলনকারীদের হাতে লাঞ্চিত হন বলে অভিযোগ উঠেছে।

এমকে