রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক প্রফেসর ড. শফিউল ইসলাম হত্যাকাণ্ডের পর কর্মস্থলে অনুপস্থিতির দায়ে বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের সহকারী সেকশন অফিসার নাসরিন আখতার রেশমাকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শিক্ষক হত্যার অভিযোগে গ্রেফতার আব্দুস সালাম পিন্টুর স্ত্রী রেশমা। গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর এন্তাজুল হক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ড. শফিউল হত্যার পর থেকে নাসরিন আখতার কর্মস্থলে আসেননি। যোগদানের নোটিশ পাঠানোর পরও অনুপস্থিত থাকায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এদিকে ড. শফিউল ইসলাম হত্যার সাঙ্গে জড়িত সন্দেহে গত শুক্রবার দুপুরে নগরীর মেহেরচন্ডি এলাকা থেকে নাসরিন আখতার রেশমাকে আটক করে মহানগর ডিবি পুলিশ। আটকের পরের দিন রেশমাকে মহানগর মুখ্য হাকিম আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। একই সঙ্গে তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়।
মহানগর ডিবি পুলিশের অফিসার ইন চার্জ (ওসি) জাহিদুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ড. শফিউল হত্যার ঘটনায় রেশমা বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হয়েছে। আপাতত তার দেওয়া তথ্যগুলো বিশ্লেষণ করে দেখা হচ্ছে বলে জানান তিনি।
উল্লেখ্য, ২০১৪ সালের ১৫ নভেম্বর রাবি সংলগ্ন চৌদ্দপাই এলাকায় নিজ বাসার সামনে দুর্বৃত্তদের হামলায় নিহত হন সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক ড. একেএম শফিউল ইসলাম লিলন। এ ঘটনায় র্যাব রাজশাহী ও ঢাকা থেকে ছয়জনকে গ্রেফতার করে। তারা র্যাব বের কাছে এ হত্যার দায় স্বীকার করে।
তবে নভেম্বরে ছয়জনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলেও আদালতে স্বীকারোক্তি দিতে অস্বীকার করে তারা। ফলে নতুন কোনো তথ্যই উদঘাটন করতে পারেনি পুলিশ। গ্রেফতারকৃত ওই ৬ জনের মধ্যে রেশমার স্বামী আব্দুস সালাম পিন্টুও ছিলেন।
কেএইচ





