জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভেতরে এক হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে জানা গেছে। নিহত কর্মচারীর নাম রুবেল মিয়া (২৩)। তাঁর বাড়ি চাঁদপুর। গতকাল বুধবার দিবাগত রাতে এ ঘ্টনা ঘটে।
পুলিশের ধারণা, এ ঘটনায় জড়িত রিয়াজ নামের আরেক কর্মচারী। ঘটনার পর থেকে তিনি পলাতক।
পুলিশ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, নিহত ওই যুবক বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় রাফি হোটেলের মালিক হযরতের দোকানের কর্মচারী ছিলেন। রাতে রুবেল ও রিয়াজ ওই হোটেলেই থাকতেন।
পরে রাতের যেকোনো সময় ঝগড়ার জের ধরে রুবেলকে পিটিয়ে হত্যা করেন রিয়াজ। পরে সকালে খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
এ বিষয়ে আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) আবদুল আউয়াল বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এমআর





