রক্তের নমুনা পরীক্ষা করে ৫ মিনিটের মধ্যেই ক্যানসার শনাক্ত করার পদ্ধতি উদ্ভাবন করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক।

৫ মিনিটের মধ্যে এই প্রযুক্তি বলে দেবে কোনো ব্যক্তির শরীরে ক্যানসার আছে কি নেই। এতে খরচ পড়বে ৫০০ টাকারও কম। আগামী ১ বছরের ভেতরে মানুষ এই প্রযুক্তির সুফল পাবে।

আজ (০৫ সেপ্টেম্বর) দুপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) যৌথভাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, এটি যুগান্তকারী উদ্ভাবন। বাংলাদেশের জন্য এটা ঐতিহাসিক ঘটনা। 

সংবাদ সম্মেলন উদ্ভাবন সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন গবেষক দলের প্রধান ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক ইয়াসমীন হক।

এতে আরও উপস্থিত ছিলেন- ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ, বিশ্বব্যাংকের প্রতিনিধি মুখলেসুর রহমান প্রমুখ। 

এমবি