ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সাদ ইবনে মমতাজ হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আন্দোলনের ২৩তম দিনে রক্ত ঢেলে কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার সকালে বিভিন্ন অনুষদে রক্ত ঢেলে দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। এসময় তারা আন্দোলন চলাকালে ক্লাস বন্ধ করার আহ্বান জানায়।  
তবে সব অনুষদের ছাত্র সমিতির নেতারা ক্লাস পরীক্ষা নেয়ার দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপচার্য অধ্যাপক ড. রফিকুল হকের বাসভবনে গিয়ে স্মারকলিপি জমা দেন। তারা দাবি করেন, কোনো একটি মহল নিজেদের স্বার্থ হাসিলের জন্য শিক্ষার্থীদের ভুল বুঝিয়ে আন্দোলন করতে বাধ্য করছে।
এর আগে সকাল ৯ টায় বিভিন্ন অনুষদের সাধারণ শিক্ষার্থীরা প্রশাসন ভবনের সামনে জড়ো হয়। পরে তারা অনুষদে ঢুকে ক্লাস না করার আহ্বান জানায়। অন্যদিকে, আন্দোলনকারী শিক্ষার্থীরা শিক্ষকদের ক্লাস না নেয়ার অনুরোধ করে।
পরবর্তীতে সাধারণ শিক্ষার্থীদের সমস্যা হতে পারে ভেবে শিক্ষকরা ক্লাস না নিয়ে ছাত্র-ছাত্রীদের ছুটি দিয়ে দেন। এরপর প্রশাসন ভবনের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগন দিতে থাকে আন্দোলনরত শিক্ষার্থীরা। সকাল সাড়ে ১০ টার দিকে বিক্ষোভ মিছিল বের করে তারা। মিছিলটি বিভিন্ন অনুষদ প্রদক্ষিণ করে।
দুপুর সাড়ে ১২ টার দিকে মৎস্যবিজ্ঞান অনুষদের সামনে থেকে সিরিঞ্জে করে রক্ত নিয়ে প্রশাসন ভবনের সামনে এসে প্রতিবাদ করে তারা। বিভিন্ন অনুষদের প্রবেশদ্বারে রক্ত ছিটিয়ে সাদ হত্যার প্রতিবাদ জানায়।
এসময় আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়,  ক্লাস-পরীক্ষা বর্জন করার পরও বিভিন্ন অনুষদে ক্লাস-পরীক্ষা হয়েছে। তাই আমরা সাদের প্রতীকী রক্ত ছিটিয়েছি। কেউ ক্লাস করতে চাইলে এবং কোনো শিক্ষক ক্লাস নিতে চাইলে আমাদের রক্তের ওপর দিয়ে ক্লাসে যেতে হবে।
সম্পূরক তদন্ত কমিটির প্রধান অধ্যাপক ড. এটিএম জিয়াউদ্দিন বলেন, তদন্ত প্রতিবেদন যতো দ্রুত সম্ভব শেষ করার চেষ্টা করব। আমি আশাকরি এরপর আর কোনো তদন্তের প্রয়োজন হবে না।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রফিকুল হক বলেন, আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে আমার বৈঠক হয়েছে। শিক্ষার্থীরা অতি দ্রুত ক্লাসে ফেরার ব্যাপারে আমি আশাবাদি।
[b]ঢাকা, ২৪ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]