রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের সাত দফা দাবিতে ভিসি প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন বরাবর স্মারকলিপি প্রদান করেছে।

শনিবার দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনে ভিসি’র দপ্তরে ছাত্রলীগের সভাপতি এম মিজানুর রহমান রানার নেতৃত্বে এই স্মারকলিপি প্রদান করেন।

দাবিগুলো হলোঃ

১.ফলিত গণিত বিভাগে রাজনৈতিক মতাদর্শের কারণে ইচ্ছাকৃতভাবে প্রগতিশীল শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে তদন্ত করে দোষীদের শাস্থি নিশ্চিত করতে হবে এবং ফেল করা শিক্ষার্থীদের বিশেষ বিবেচনায় পাশ করিয়ে দিতে হবে।

২. পরিবহণ ব্যবস্থা সম্পূর্ণভাবে চালু করতে হবে এবং তিন মাস বন্ধ থাকায় জমাকৃত ৯০ লাখ টাকা দিয়ে শিক্ষার্থী ছাউনি ও বাস টার্মিনাল নির্মান করতে হবে।

৩. আগামী এক সপ্তাহের মধ্যে বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ অভিযান শুরু করতে হবে।

৪. আটককৃত প্রগতিশীল শিক্ষার্থীদের অবিলম্বে মুক্তি দিতে হবে এবং মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।

৫. বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতি ব্যতিত কোনো শিক্ষার্থীকে পুলিশ আটক করতে পারবে না এবং আবাসিক হলে রেইড দিতে হলে অবশ্যই প্রক্টরিয়াল বডি ও হল প্রাধ্যক্ষের উপস্থিত থাকতে হবে।

৬. নিরাপত্তার অজুহাতে ক্যাম্পাসে পুলিশি ক্ষমতা বাড়ানো এবং পুলিশ স্টেশন নির্মাণ করা যাবে না।

৭. সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক আনোয়ার হোসেনের নিয়োগ বাতিল করতে হবে এবং যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দিতে হবে।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খালিদ হাসান বিপ্লব, সহ-সভাপতি রাশিদুল ইসলাম রাঞ্জু, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ রুনু প্রমুখ।

এসএইচ