অষ্টম জাতীয় বেতন কাঠামো বাতিল ও স্বতন্ত্র স্কেলের দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি কর্মবিরতি-অবস্থান ধর্মঘট কর্মসূচী পালন করেছে।
রবিবার সকাল ১০ টার সময় অনুষদ ভবনের করিডোরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। এ সময় তারা স্বাক্ষর অভিযান কর্মসূচিও পালন করেন।
ক্যাম্পাস সূত্রে জানা গেছে, অষ্টম জাতীয় বেতন কাঠামো বাতিল ও স্বতন্ত্র স্কেলের দাবিতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশনের কর্মসূচির অংশ হিসাবে আজ রবিবার ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি কর্মবিরতি-অবস্থান ধর্মঘট ও স্বাক্ষর সংগ্রহ কর্মসূচি পালন করে।
শিক্ষক সমিতির যুগ্ম-সম্পাদক ড. মোস্তাফিজুরের সঞ্চালনায় এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মিজানুর রহমান।
এ অবস্থান কর্মসূচি সকাল ১০ থেকে একটানা বেলা ১ টা পর্যন্ত চলে। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আবদুল হাকিম সরকার, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শাহিনুর রহমান, প্রক্টর প্রফেসর ড. ত ম লুকমান হাকিম, ছাত্র-উপদেষ্টা প্রফেসর ড. আনোয়ার হোসেন, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মিজানুর রহমান, প্রফেসর ড. রুহুল কুদ্দুস এ কে এম সালেহ ও প্রফেসর ড. রফিকুল ইসলামসহ প্রায় শতাধিক শিক্ষকবৃন্দ।
কর্মসূচীতে ভিসি, প্রো-ভিসি সহ শিক্ষক সমিতির নেত্রীবৃন্দ এবং সিনিয়র শিক্ষকরা বক্তব্য রাখেন।
তারা বলেন, ‘শিক্ষকদের কাজ শিক্ষার্থীদের নিয়ে ক্লাস-পরিক্ষা নেয়া। আজ আমাদের রাস্তায় নামতে হচ্ছে।
একটি কুচক্রি মহল সর্বদা শিক্ষকদের স্বার্থ বিরোধী কাজ করে যাচ্ছে। শিক্ষকদের যথাযথ প্রাপ্য দিতে প্রধানমন্ত্রীর কাছে আমাদের একটাই আহবান আপনি শিক্ষকদের যৌক্তিক দাবি মেনে নিন।
এসএইচ





