বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ২০১৪-১৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষায় পাসের হার ২১ দশমিক ২৫ শতাংশ। রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় নগরীর জিলা স্কুলস্থ ববির অস্থায়ী ক্যাম্পাসে সংবাদকর্মীদের উপস্থিতিতে এ ফল প্রকাশ করেন উপাচার্য (ভিসি) ড. হারুনর রশীদ খান।

সংবাদ সম্মেলনে তিনি জানান, এ বছর পরীক্ষায় চারটি ইউনিটে অংশ নিয়েছিল ২৮ হাজার ২৮৩ শিক্ষার্থী। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ছয় হাজার ১১ জন। আর ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় পাসের হার ছিল ২২ দশমিক ৬৭ শতাংশ। ওই বছর পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা ছিল ২৯ হাজার ৬৯০ জন।

উল্লেখ্য, বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর ভর্তি পরীক্ষা শনিবার সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত তিন শিফটে অনুষ্ঠিত হয়।

এ বছর ৬টি অনুষদের অধীন ১৮টি বিভাগে ভর্তির আসনসংখ্যা ১৩০০। ভর্তি পরীক্ষার ফল ও বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.barisaluniv.ac.bd থেকেও জানা যাবে।

কেএইচ