অন্যান্যবারের মতো এবারও একটি চক্র মেডিক্যাল ও ডেন্টাল কলেজে এমবিবিএস/বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে প্রশ্নপত্র ফাঁসের চেষ্টা করেছিল। কিন্তু আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতার কারণে ব্যর্থ হয়েছে চক্রটি। এমনটিই বলেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় কলা ভবনের কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

নাসিম বলেন, পরীক্ষায় যারা মেধাবী তারাই উত্তীর্ণ হয়ে মেডিক্যালে ভর্তি হবেন। আর তাদের মধ্য থেকেই ভবিষ্যতের মেধাবী চিকিৎসক বেরিয়ে আসবে।

সংশ্লিষ্টরা জানান, এবার ৮৪ হাজার ৭৮৪ জন ভর্তিচ্ছু মেডিক্যাল ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছেন। সরকারি মেডিক্যাল ও ডেন্টাল কলেজের প্রতি আসনের বিপরীতে ভর্তিযুদ্ধে লড়ছেন প্রায় ২৩ শিক্ষার্থী।

সরকারি ২২টি মেডিক্যাল কলেজ,  একটি ডেন্টাল কলেজ ও ৮টি ডেন্টাল ইউনিটে ৩ হাজার ৭৪৪টি আসন রয়েছে। আর ৬৫টি বেসরকারি মেডিক্যাল ও ২৪টি ডেন্টাল কলেজে ভর্তি হতে পারবেন ৬ হাজার ৩৫৫ জন।

এমআর