গণমাধ্যমে বাংলাদেশ স্টুডেন্ট ইউনিয়ন মালয়েশিয়ার (বিএসইউএম) বিরুদ্ধে একটি কুচক্রীমহল নির্লজ্জভাবে অপপ্রচার চালাচ্ছে বলে মন্তব্য করেছেন সংগঠনটির সভাপতি মোহাম্মাদ মহিউদ্দিন মাহি।

তিনি বলেন, ‘ছাত্র সমস্যা সমাধান ও গঠনমূলক ভাল কাজই আমাদের বিরুদ্ধে এ অপপ্রচারের জবাব।’

মঙ্গলবার বুকিত বিন্তাংয়ের হোটেল সলিলে স্থানীয় সময় বিকেল ৩টায় সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ সব কথা বলেন তিনি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মাহি বলেন, ‘আমি মালয়েশিয়ার অন্যতম সেরা বিদ্যাপীঠ ইন্টারন্যাশনাল ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সঙ্গে উচ্চতর শিক্ষা শেষ করতে যাচ্ছি। আমার স্বপ্ন বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে, যার নেতৃত্বে থাকবে ছাত্রসমাজ, যুবসমাজ।’

প্রবাসে স্বদেশ গড়ার স্বপ্নধারীরা একত্রিত হয়ে ‘বিএসইউএম’ গঠন করেছে উল্লেখ করে মাহি বলেন, ‘আমরা যখন সাফল্য এবং জনপ্রিয়তার চূড়ায় অবস্থান করছি, তখন হিংসুকরা বিষের ফনা দাঁড় করিয়েছে।’

বিএসইউএম একটি অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী সংগঠন জানিয়ে মাহি বলেন, ‘সংগঠনটি বাংলাদেশীদের মাঝে শিক্ষা, সংস্কৃতি, সভ্যতার প্রসারে নানাবিধ অনুষ্ঠানের আয়োজন করে। পরিণত যৌবনের এ মিলনমেলায় ধর্ম, বর্ণের ভেদাভেদ থাকে না।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ স্টুডেন্ট ইউনিয়ন মালয়েশিয়ার সহ-সভাপতি এনামুল হক, আব্দুল বাসির, সাধারণ সম্পাদক মোহাম্মাদ রবিউল ইসলাম, অর্থ সম্পাদক মাহিত ইসলাম, সদস্য সুস্মিতা আসাদ ও রেদওয়ান আহমেদ।

এএইচ