জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. ফারজানা ইসলাম দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণ করেছেন।

আজ (শুক্রবার) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে এ দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান হয়।

এ সময় রেজিস্ট্রার আবু বকর সিদ্দিকের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্যে ড. ফারজানা ইসলাম বলেন, “বিশ্ববিদ্যালয়ের এক সংকটকালীন সময়ে আমি উপাচার্য হিসেবে দায়িত্ব পেয়েছিলাম। বিশ্ববিদ্যালয়ের সমস্ত সংঘাত দূর করে শান্তির পরিবেশ ফিরিয়ে আনতে সাধ্যমত চেষ্টা করেছি। আমি আশা করি সবার সহযোগীতা অব্যাহত থাকলে দ্বিতীয় মেয়াদে বিশ্ববিদ্যালয়কে আমরা সমৃদ্ধ ও আদর্শ বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে পারব।”

অনুষ্ঠানে প্রো-ভিসি অধ্যাপক আমির হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক নুরুল আলম, সম্পাদক অধ্যাপক বশির আহমেদ, সিন্ডিকেট সদস্য, হল প্রাধ্যক্ষ, বিভাগীয় সভাপতি, কর্মকর্তা-কর্মচারী সমিতি, বিভিন্ন ছাত্র সংগঠন ও শিক্ষক শিক্ষার্থীরা ভিসিকে ফুলেল শুভেচ্ছা জানান।

দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান শেষে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর বিকাল ৩টায় জাতীয় স্মৃতিসৌধ এবং পরে ধানমন্ডিতে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

প্রসঙ্গত, এর আগে ২০১৪ সালের ২ মার্চ দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ফারজানা ইসলাম। মেয়াদ পূর্ণ হওয়ার আগেই রাষ্ট্রপতি ও চ্যান্সেলর আবদুল হামিদ তাকে দ্বিতীয় মেয়াদে ভিসি হিসেবে নিয়োগ দেন। গত ১৮ ফেব্রুয়ারি শিক্ষা মন্ত্রণালয় থেকে বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ-১৯৭৩ এর ১১(১) ধারা অনুযায়ী নিয়োগের এ প্রজ্ঞাপন জারি করা হয়।

জাহিদ/এমবি