ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের ছাত্রীনিবাসের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আতঙ্কে ছুটোছুটি করে নিচে নামতে গিয়ে ৫ ছাত্রী আহত হয়েছেন।

শনিবার রাত পৌনে ১০টার দিকে ছাত্রীনিবাসের আছিয়া ভবনের তিন তলার ৩০৫ নম্বর কক্ষে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ছাত্রীনিবাসের আবাসিক শিক্ষার্থী মমতাজ আক্তার ও তাছমিনা চৌধুরী জানান, পাশের তিন তলা অন্য একটি ভবনে প্রথমে বিকট শব্দ হয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এর কিছুক্ষণ পরই হঠাৎ করে আছিয়া ভবনের ৩০৫ নম্বর কক্ষে আগুন ধরে যায়। মুহূর্তেই পাশের আরও দুটি কক্ষেও আগুন ছড়িয়ে পড়ে।

এদিকে আগুন লাগার খবর ছড়িয়ে পড়লে আতঙ্কে ছুটোছুটি করে নামতে গিয়ে ৫ ছাত্রী আহত হয়েছেন।

ছাত্রীনিবাসের তত্ত্বাবধায়ক জালাল উদ্দিন জানান, আগুনে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ওয়ালিউল্লাহ জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

ঢাকা, ৩১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এএইচ