হরতালের সমর্থনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির পৃথক ২টি স্থানে বিক্ষোভ মিছিল করেছে। এসময় পুলিশের সাথে হরতাল সমর্থক শিবিরের নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। মিছিল থেকে পুলিশ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের ১২ নেতা-কর্মীকে আটক করেছে।
রোববার সকাল ৮টায় পুরান ঢাকার ধুপখোলা এলাকায় মিছিল বের করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি খালিদ মাহমুদ ও সেক্রেটারী দাইয়ান সালেহীনের নেতৃত্বে বের হওয়া ওই মিছিলটি ধুপখোলা মোড় থেকে শুরু হয়ে কাঠেরপুল এলাকার দিকে অগ্রসর হলে গেন্ডারিয়া থানা পুলিশ মিছিল লক্ষ করে টিয়ারশেল নিক্ষেপ করে।
এসময় শিবিরের নেতা-কর্মীরাও পুলিশকে লক্ষ্য করে পাল্টা ইট-পাটকেল নিক্ষেপ করে। শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া। এসময় শিবিরের নেতা-কর্মীরা ছত্রভঙ্গ হয়ে আশ-পাশের গলিতে আশ্রয় নেয়। পুলিশ ঘটনাস্থল থেকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের ১২ জন নেতা-কর্মীকে আটক করে।
বেলা ১২টায় পুরান ঢাকার ধোলাইখাল এলাকায় হরতালের সমর্থনে মিছিল বের করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির।
মিছিলে নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি খালিদ মাহমুদ ও সেক্রেটারী দাইয়ান সালেহীন। এসময় শিবিরের নেতা-কর্মীরা ধোলাইখাল মোড়ে টায়ারে আগুন জ্বালিয়ে প্রায় ১০ মিনিট রাস্তা অবরোধ করেন।
পরে সূত্রাপুর থানা পুলিশ ধাওয়া দিয়ে শিবিরের নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। তবে ঘটনাস্থল থেকে কাউকে আটক করতে পারেনি সূত্রাপুর থানা পুলিশ।
ঢাকা, ২১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসআর





