বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক ওহিদুজ্জামান রোববার বলেন, “এবার দুই হাজার ৭৬৫টি আসনের বিপরীতে আবেদন করেছে এক লাখ ৭৮ হাজার ৩৫০ জন।”

সেই হিসেবে এবার প্রতি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছে ৬৫ জন। প্রথম বর্ষে ভর্তিতে অনলাইনে আবেদন নেওয়া শনিবার রাত ১২টায়।

ভর্তি অফিসের তথ‌্যে দেখা যায়, এবার ‘এ’ ইউনিটে ৮২৫টি আসনের বিপরীতে ৬৪ হাজার ২৮৪ জন, ‘বি’ ইউনিটে ৬৭০টি আসনের বিপরীতে ৩৬ হাজার ২১৩ জন, ‘সি’ ইউনিটে ৫৬০টি আসনের বিপরীতে ২৭ হাজার ৮১৬ জন, ‘ডি’ ইউনিটে ৫৯০টি আসনের বিপরীতে ৪৮ হাজার ১২ জন এবং ‘ই’ ইউনিটে ১২০ টি আসনের বিপরীতে ২ হাজার ২৫ জন শিক্ষার্থী আবেদন করেছেন।

আগামী ২৩ সেপ্টেম্বর ‘বি’ ইউনিটের (কলা ও আইন অনুষদভুক্ত আইইআর), ২৪ সেপ্টেম্বর 'ই' ইউনিটের (সঙ্গীত, চারু ও নাট্যকলা বিভাগ), ৩০ সেপ্টেম্বর ‘সি’ ইউনিটের (ব্যবসায় শিক্ষা অনুষদ), ২১ অক্টোবর ‘এ’ ইউনিটের (বিজ্ঞান অনুষদ এবং লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ) এবং ২৮ অক্টোবর ‘ডি’ ইউনিটের (সামাজিক বিজ্ঞান অনুষদ) ভর্তি পরীক্ষা হবে। প্রতিটি পরীক্ষা বিকাল ৩টায় শুরু হয়ে ৪টায় শেষ হবে।

পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন, ঘড়ি, ক্যালকুলেটরসহ অন্য ইলেক্ট্রনিক ডিভাইস বহন করা নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এদিকে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'বি' ও 'ই' ইউনিটের পরীক্ষার্থীরা ১৬-১৮ সেপ্টেম্বর, 'সি' ইউনিটের পরীক্ষার্থীরা ২৩-২৫ সেপ্টেম্বর, 'এ' ইউনিটের পরীক্ষার্থীরা ২৬ সেপ্টেম্বর থেকে ১৩ অক্টোবর, 'ডি' ইউনিটের পরীক্ষার্থীরা ১৪ সেপ্টেম্বর থেকে ২৩ অক্টোবর রাত ১২টা পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করে নিতে পারবে।

পরীক্ষার সময় পরীক্ষার্থীদের অবশ্যই প্রবেশপত্রের দুই কপি (বিশ্ববিদ্যালয়ের কপি ও শিক্ষার্থীদের কপি) সঙ্গে আনতে হবে।

এসএ