বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশনের কর্মবিরতি স্থগিতের একদিন পর ক্লাসে ফেরার ঘোষণা দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (রাবিশিস)।

বুধবার দুপুর ৩টার দিকে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক আনন্দ কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেছেন। এতে করে শীতকালীন ছুটি শেষ হওয়ার পাঁচদিন পর রাবিতে ক্লাস-পরীক্ষা শুরু হতে যাচ্ছে।

অধ্যাপক আনন্দ কুমার সাহা বলেন, বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার থেকে ক্লাস-পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে রাবি শিক্ষক সমিতি। প্রধানমন্ত্রীর আশ্বাসের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশন দেশের ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে চলমান আন্দোলন স্থগিত করলেও রাবি শিক্ষক সমিতি বুধবারও কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা দেন। ফলে রাবিতে বুধবার সব বিভাগে ক্লাস-পরীক্ষা বন্ধ থাকে।

প্রসঙ্গত, অষ্টম জাতীয় পে স্কেলে মর্যাদাহানির অভিযোগ এনে বৈষম্য নিরসনের দাবিতে দেশের ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও ১১ জানুয়ারি থেকে সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ রেখে কর্মবিরতি পালন করে আসছিলেন।

এমএম