গতকাল মঙ্গলবার সকাল দশটায় মগবাজার নয়াটোলাস্থ স্কুল প্রাঙ্গণে এ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ এইচ এম জোবায়ের সভাপতিত্বে ও উপাধ্যক্ষ মো. হারুনুর রশীদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল ম্যানেজিং কমিটির সহ সভাপতি বিশিষ্ট আইনজীবী মো. জিল্লুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেইথ বাংলাদেশ এর মহাসচিব খন্দকার রুহুল আমীন, বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী মাও. মো. বরকত উল্লাহ, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য মো. আবুল হোসেন, মো. আক্তার হোসেন, শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম প্রমুখ।
পবিত্র রবিউল আউয়াল মাস উপলক্ষে রাসুল (সা.) এর জীবনীর উপর এ কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। শত শত শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকবৃন্দ এতে অংশ নেন।
এর আগে মানবতার মহান শিক্ষক রাসূল (সা.) এর জীবনী বিষয়ে কুইজ প্রতিযোগিতার প্রশ্নোত্তর পত্র শিক্ষার্থীদের নিকট সরবরাহ করা হয়। প্লে গ্রুপ থেকে নবম শ্রেণি পর্যন্ত প্রায় তিন শতাধিক শিক্ষার্থী মৌখিক কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। শতভাগ নম্বরপ্রাপ্তদের মধ্য থেকে লটারির মাধ্যমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণ করা হয়।
পরে বিজয়ীদের মাঝে আকর্ষণীয় শিক্ষা উপকরণ বিতরণ করেন স্কুল ম্যানেজিং কমিটির সহ সভাপতি বিশিষ্ট আইনজীবী মো. জিল্লুর রহমান। প্রাক প্রাথমিকের সকল শিক্ষার্থীকে শান্তনা পুরস্কার হিসেবে পেন্সিল বক্স প্রদান করা হয়।
খন্দকার রুহুল আমীন বলেন, রাসুল মুহাম্মাদ (সা.) ছিলেন বিশ্ব মানবতার জন্য রহমত স্বরূপ। শিশুদের জন্য তিনি রেখে গেছেন এক অনুপম আদর্শ। বর্তমান অশান্তিময় ও ঝঞ্ঝা বিক্ষুব্ধ পৃথিবীতে রাসুল (সা.) ই একমাত্র রহমতের আলোক বর্তিকা।
মাও. মো. বরকত উল্লাহ বলেন, রাসূল মুহাম্মাদ (সা.) ছিলেন সবার জন্য অনুকরণীয় আদর্শ। মায়েদের উচিত সন্তানদেরকে এই মহা মানবের জীবনী শিক্ষা দেওয়া।
অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা আপনাদের সন্তানদেরকে যেমনটি শিক্ষা দিবেন সন্তাররা বড় হয়ে আপনার সাথে তেমন আচরণই করবে।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ এইচ এম জোবায়ের বলেন, শিক্ষার্থীদের সাথে মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে পরিচয় করিয়ে দিতেই আমাদের এই আয়োজন। নৈতিকতা বিমুখ ও আদর্শহীন বর্তমান দুনিয়ায় রাসূলে আকরাম (সা.)- ই একমাত্র সুমহান আদর্শ। তাঁকে পরিপূর্ণ অনুসরণ অনুকরণের মধ্য দিয়েই আজকের শিশুরা আগামী দিনে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠবে। রমনা মডেল স্কুল অ্যান্ড কলেজ সবসময়ই শিশু-কিশোরদের একাডেমিক উৎকর্ষ সাধনের পাশাপাশি নৈতিক ও আদর্শিক মান উন্নয়নে কার্যকর ভূমিকা রেখে চলেছে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কো-অর্ডিনেটর মো. আব্দুল হালিম, সহকারি শিক্ষক শামছুল হুদা, সাইফুল ইসলাম, জামাল উদ্দিন, ইয়াকুব আলী, সাজিদুর রহমান, জামিলা খাতুন, নাসরিন সুলতানা, শাহিন সুলতানা, মারজান ফাতেমা, তাসলিমা আক্তার, আমেনা খাতুন, মাহফুজা আক্তার, লুৎফুন নাহার প্রমুখ।
প্রেস বিজ্ঞপ্তি





