কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে গতকাল রোববার ছাত্র নিহতের জেরে তাণ্ডবের ঘটনায় থানায় মামলা হয়েছে। গতকাল রাত সাড়ে আটটার দিকে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার উপপরিদর্শক (এসআই) মো. ইকবাল হোসেন বাদী হয়ে মামলাটি করেন।

সোমবার বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল ইসলাম বলেন, ভাঙচুর, পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা দেওয়া ও আগুন লাগানোর অভিযোগে মামলাটি করা হয়। মামলায় অজ্ঞাত দুই থেকে তিন হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে। এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি।

গতকাল বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের কাছে বাসের চাপায় তৌহিদুর রহমান নামের এক ছাত্র নিহত হন। উত্তেজিত শিক্ষার্থীরা ৩৫টি বাস পুড়িয়ে দেন। ৮-১০টি বাস ভাঙচুর করেন।

বাস পোড়ানোর প্রতিবাদে ও ক্ষতিপূরণের দাবিতে কুষ্টিয়ায় পরিবহন ধর্মঘট চলছে। আজ সকাল ছয়টা থেকে অনির্দিষ্টকালের জন্য এই ধর্মঘট শুরু হয়েছে। সকালে জেলার কোনো আন্তরুটে ও দূরপাল্লার গাড়ি ছেড়ে যায়নি। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

জেআই