৩৩ ক্রেডিট পদ্ধতি বাতিলের দাবিতে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ২০১৪-১৫ ও ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে ৪র্থ দিনের মত আন্দোলন করেছে।
মঙ্গলবার সকাল ১০ টার দিকে মেইন গেটের সামনে মানববন্ধন করে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে দুপুর ২টা পর্যন্ত অবস্থান নেয় সাধারণ শিক্ষার্থীরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রুয়েটে ১৩ সিরিজের ব্যাচ বা ২০১৩-১৪ শিক্ষাবর্ষ থেকে পরবর্তী বর্ষে উত্তীর্ণ হওয়ার জন্য শিক্ষার্থীদের নূন্যতম ৩৩ ক্রেডিট প্রাপ্তি বাধ্যতামূলক করা হয়। ২০১৩-১৪ ও ২০১৪-১৫ এই দুই শিক্ষাবর্ষের মোট ১৬০০ শিক্ষার্থীর মধ্যে ১৫০ জনের মত শিক্ষার্থী ৩৩ ক্রেডিট অর্জন করতে পারেনি। ফলে আন্দোলনে নামে ওই দুই সিরিজের শিক্ষার্থীরা।
এদিকে শুক্রবার পর্যন্ত আপতত বন্ধ থাকছে শিক্ষার্থীদের আন্দোলন। কারণ বুধবার স্বরসতী পূজা ও বৃহস্পতিবার রুয়েটে স্বাভাবিক নিয়মে ক্লাস বন্ধ থাকায় শনিবার থেকে আন্দোলনে নামবে।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, ‘শুক্রবারের মধ্যে প্রশাসন আমাদের দাবি না মানলে শনিবার থেকে আন্দোলন অব্যহত থাকবে।’
এদিকে যথারীতি দাবিকে অযৌক্তিক আখ্যা দিয়ে প্রফেসর ড. মোহা: রফিকুল আলম বেগ বলেন, ‘এখন পর্যন্ত তাদের ব্যাপারে কোন সিদ্ধান নেয়া হয়নি। তবে পরবর্তীতে কোন সিদ্ধান্ত নেয়া হলে জানানো হবে।’
এমই





