ফলাফল বিপর্যয়ের জের ধরে চট্টগ্রাম নার্সিং কলেজের অধ্যক্ষকে অবরুদ্ধ করেছে বিক্ষুব্দ শিক্ষার্থীরা। সোমবার বিকাল তিনটা থেকে চারটা পর্যন্ত তাকে অবরুদ্ধ করে রাখা হয়। পরে কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসলে অবরোধ তুলে নেয়া হয়।

শিক্ষার্থীদের অভিযোগ, শিক্ষকদের ক্লাস নিতে অনীহা ও সিলেবাস শেষ না করে পরীক্ষা নেয়ায় এ ফলাফল বিপর্যয়ের ঘটনা ঘটেছে।

কলেজ সূত্রে জানা যায়, চট্টগ্রাম নার্সিং কলেজের প্রথম বর্ষের পরীক্ষায় ৮৩ জন শিক্ষার্থী অংশ নেয়। পাশ করেছে মাত্র ৩০ জন।

দ্বিতীয় বর্ষের সাপ্লিমেন্ট পরীক্ষায় অংশ নেয় ৪৩ জন শিক্ষার্থী। পাশ করেছে ৩২ জন। এদের মধ্যে ৯ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে।

তৃতীয় বর্ষের ৭৯জন শিক্ষার্থীর মধ্যে পাশ করেছে মাত্র ৩৬ জন। চতুর্থ বর্ষের ৫২ জন শিক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছে ১৯ শিক্ষার্থী।

১০ মে পরীক্ষা শেষ হয়। সোমবার বিকালে ফলাফল প্রকাশ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ফলাফল পেয়ে কান্নায় ভেঙ্গে পড়েন শিক্ষার্থীরা। এসময় তারা ফলাফল পুনর্মুল্যায়নের দাবি জানান।

বিকাল তিনটার দিকে শিক্ষার্থীরা জড়ো হয়ে অধ্যক্ষ হোসনে আরা বেগমকে কার্যালয়ে অবরুদ্ধ করে রাখে।

কার্যালয়ের বাইরে শিক্ষার্থীরা অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে। চারটার দিকে পুলিশ এসে শিক্ষার্থীদের সরিয়ে অধ্যক্ষ হোসনে আরা বেগমকে বের করে নিয়ে যায়। পরে শিক্ষার্থীদের নিয়ে আলোচনায় বসে কলেজ কর্তৃপক্ষ।

অধ্যক্ষ হোসনে আরা বেগম জানান, শিক্ষার্থীদের সঙ্গে এ বিষয়ে আলোচনা চলছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ অধ্যক্ষ ও হাসপাতালের পরিচালকও উপস্থিত রয়েছেন।

এআর