শিক্ষার্থীদের নিরাপত্তার দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।

শনিবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ১১ টার দিকে প্রশাসন ভবনের সামনে সাধারণ শিক্ষার্থী ব্যানারে এই মানববন্ধন করে তারা। এসময় বিশ্ববিদ্যালয়ের কয়েকশত শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

জানা যায়, বৃহস্পতিবার রাত ২ টার দিকে বিপুল হোসেন নামে এক শিক্ষার্থীর বাসায় আইন শৃঙ্খলা বাহিনী তল্লাশী চালায়। বিপুল বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ছাত্র এবং ছাত্রলীগ কর্মী। এই ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তার দাবিতে মানববন্ধনের আয়োজন করে শিক্ষার্থীরা।

মানববন্ধনে ‘শিক্ষার্থীদের নিরাপত্তা চাই’, ‘শিক্ষার্থীর বাসায় র‌্যাব কেন? প্রশাসন জাবাব চাই’, ‘শিক্ষার্থী হেনস্তার বিচার চাই’, আমরা শিক্ষার্থী আমরা সন্ত্রাসী নয়’এমন ফেস্টুন নিয়ে মানববন্ধনে অংশ নেয় শিক্ষার্থীরা।

মানববন্ধনে বক্তব্য রাখেন- বাংলা বিভাগের শিক্ষার্থী আলমগীর হোসেন আলো, সিএসই বিভাগের শিক্ষার্থী শিশির ইসলাম বাবু, ইংরেজী বিভাগের শিক্ষার্থী তৌকির মাহফুজ মাসুদ ও তন্ময় সাহা টনি, আরবী বিভাগের শিক্ষার্থী জোবায়ের আল মাহমুদ, আইন বিভাগের শিক্ষার্থী ফয়সাল সিদ্দিকী আরাফাত, অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মিজানুর রহমান লালন প্রমুখ।

খোঁজ নিয়ে জানা যায়, বিপুল হোসেন ছাত্রলীগের বর্তমান কমিটির বিদ্রোহী গ্রুপে রাজনীতি করছে। তাই তার বাসায় আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে হয়রানি করা হয়েছে বলে মানববন্ধনে দাবি করেছে বক্তারা।

মুনজুরুল/এমবি