সরকারি বিশ্ববিদ্যালয়ের টিউশন ফির ওপর আরোপিত মূল্য সংযোজন কর (ভ্যাট) ছাত্রছাত্রীদের পরিশোধ করতে হবে না। বিশ্ববিদ্যালয়গুলোই এই কর পরিশোধ করবে।
শুক্রবার বিকেলে গুলশানে ক্লাবে বেসরকারি বিশ্ববিদ্যালয় মালিকদের সংগঠন 'বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
ভ্যাট প্রত্যাহারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছে সমিতি।
সভা শেষে সংগঠনটির সভাপতি শেখ কবির হোসেন সংবাদমাধ্যমকে বলেন, বুধবার দেয়া এনবিআরের প্রজ্ঞাপন ও প্রধানমন্ত্রীর বক্তব্যের পর ভ্যাট এখন বিশ্ববিদ্যালয়ের ওপর বর্তায়। এখানে আর শিক্ষার্থীদের কোনো সম্পৃক্ততা নেই। বিশ্ববিদ্যালয়গুলোর ট্রাস্টি বোর্ডের ওপরই এ দায়িত্ব বর্তায়। কী করে ভ্যাট পরিশোধ করা হবে তা ট্রাস্টি বোর্ড সদস্যরা আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নেবে।
তবে টিউশন ফির আরোপিত এই ভ্যাট প্রত্যাহারের দাবিটি পুনর্বিবেচনার জন্য প্রধানমন্ত্রী ও এনবিআরের প্রতি অনুরোধ জানিয়েছেন কবির হোসেন। তিনি বলেন, “কারণ এই প্রতিষ্ঠানগুলো ট্রাস্টের অধীনে চলে। বিশ্ববিদ্যালয়গুলো অলাভজনক প্রতিষ্ঠান। আমরা ভোক্তা নই, সেবা গ্রহণ করি না। যারা সেবা গ্রহণ করে তারাই কেবল ভ্যাটের আওতায় আসে।”
শিক্ষার্থীদের উদ্দেশে বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির সভাপতি বলেন, “তোমরা শান্তিপূর্ণভাবে ক্লাস পরীক্ষায় অংশ নেয়া শুরু করো।”
এএইচ





