ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম নাসির উদ্দিন বলেছেন, “মিস্টার নুর ভালো আছেন। আজ হঠাৎ তিনি বললেন যে তার কনুইয়ে ব্যথা। আমরা তার এক্সরে করেছি। রিপোর্ট ভালো আসলে আমরা তাকে আজই হাসপাতাল থেকে ছেড়ে দেব। এছাড়া আরও ২-৩ জনকে আজ ছেড়ে দেয়া হবে।”

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরসহ হাসপাতালে ভর্তি শিক্ষার্থীদের অবস্থা জানাতে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ঢামেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

‘শিক্ষার্থীদের শারীরিক অবস্থা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ লুকোচুরি করছে’- শিক্ষার্থীদের এমন অভিযোগের প্রসঙ্গে ঢামেক হাসপাতাল পরিচালক বলেন, “তাদের চিকিৎসা নিয়ে লুকোচুরি করার কিছু নেই। আমরা তাদের জন্য মোট ১৩ জনের একটি বড় মেডিকেল বোর্ড (প্রথমে ৯ জন পরে পর্যায়ক্রমে বোর্ডে ৪ জন সংযুক্ত) গঠন করি। এতো বড় বোর্ড আগে কখনও হয়নি। তাদের যার যা চিকিৎসা প্রয়োজন তাৎক্ষণিকভাবে সেই চিকিৎসা দেয়া হচ্ছে।”

ডা. নাসির উদ্দিন আরও বলেন, “তুহিন ফারাবীর অবস্থা আগের চেয়ে ভালো। তার এইচডিইউতে (হাই ডিপেন্ডেন্সি ইউনিট) থাকার কোনো প্রয়োজন নেই। তারপরেও অতিরিক্ত দর্শনার্থীর কারণে তার ইচ্ছা অনুযায়ী তাকে এইচডিইউতে রাখা হয়েছে। তাদের চিকিৎসা ভালো হচ্ছে, এ নিয়ে আমরা ১০০% কনফিডেন্ট।”

গত ২২ ডিসেম্বর নুরুল হক নুর ও তার অনুসারীদের ওপর ফের হামলা চালান মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের নেতাকর্মীরা। হামলায় অন্তত ৩২ জন আহত হন।

সংবাদ সম্মেলনে একে একে সবার শারীরিক অবস্থা ব্রিফ করেন পরিচালক। তিনি বলেন, “চিকিৎসাধীন সোহেলের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। তাকে আইসিইউ থেকে এইচডিইউতে নেয়া হবে। তুহিন ফারাবীর মাঝে মাঝে শ্বাস-প্রশ্বাসের অসুবিধা হয়। এছাড়াও আমি দেখেছি তিনি ভয়ে থাকেন, প্যানিক হয়ে যায়। তিনি বর্তমানে শান্ত রয়েছেন। ২-১ দিনের মধ্যে তাকে ওয়ার্ডে দেয়া হবে।”

তিনি বলেন, “আমিনুরের মাথায় আঘাত ছিল। আমরা তা পরীক্ষা করে তার কিডনিতে ইনফেকশন পেয়েছি। তাই তাকে নেফ্রোলজি বিভাগে (কিডনি বিভাগ) স্থানান্তর করা হবে। চিকিৎসাধীন মেহেদী হাসানের ব্লাড প্রেসার একটু বেশি।”

ফারুক হাসানের বিষয়ে পরিচালক বলেন, “ফারুকের কানে একটু সমস্যা ছিল। তাকে নাক-কান-গলা এবং অর্থপেডিক্স বিভাগের চিকিৎসকরা দেখেছেন। তাকে আজই ছেড়ে দেয়া হবে। তবে ১ সপ্তাহ পর তাকে ফলোআপের জন্য নাক-কান-গলা বিভাগ ও ২ সপ্তাহ পর অর্থপেডিক্স বিভাগে আসতে হবে।”

তিনি বলেন, “নাজমুল মোটামুটি সুস্থ। তাকে আজ রিলিজ দেয়া হবে। আরিফের চোখে সমস্যা এবং ব্লাডপ্রেসার বেশি। তিনি পর্যবেক্ষণে আছেন।”

উল্লেখ্য, গত ২২ ডিসেম্বর (রোববার) ভিপি নুরুল হক নুরকে তার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কক্ষে ঢুকে বাতি নিভিয়ে পেটান মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা। এদিনই সুহেলকে ডাকসু ভবনের ছাদ থেকে ফেলে দেয় নেতাকর্মীরা।

ভিপি নুরসহ আহতদের অভিযোগ- ছাত্রলীগ এই হামলায় সরাসরি অংশ নেয়। এসময় নুরের সঙ্গে থাকা ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের অন্তত ৩০ জনকে বেধড়ক মারধর করা হয়। দুজনকে ছাদ থেকে ফেলে দেয়া হয়। তাদের মধ্যে রোববার রাত পর্যন্ত ১৪ জন হাসপাতালে ভর্তি ছিলেন।

রোববার হামলায় আহত ২৪ জন ঢাকা মেডিকেলে ভর্তি হয়েছিলেন। এখন ৫ জন হাসপাতালে ভর্তি আছেন। অনেকে বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এখন যারা হাসপাতালে ভর্তি আছেন তারা হলেন- ভিপি নুরুল হক, তুহিন ফারাবী, মেহেদী হাসান, আমিনুর ও নাজমুল ইসলাম।

এই হামলার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইনসহ ৩৭ জনকে আসামি করে মামলা করেছেন ভিপি নুর। অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ৪০-৫০ জনকে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় নুরের পক্ষে রাজধানীর শাহবাগ থানায় মামলাটি করেন ডাকসুর সমাজসেবা সম্পাদক আখতার হোসেন।

এমবি