জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক প্রফেসর ড. সুব্রত কুমার দে’র ওপর দুষ্কৃতিকারীদের হামলার প্রতিবাদ ও দোষিদের দ্রুত বিচারের দাবি জানিয়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
রোববার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করে এ দাবি জানানো হয়। এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, কর্মকর্তা পরিষদসহ কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।
ন্যাক্কারজনক এই ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন এবং দোষী ব্যক্তিদের গ্রেফতার ও দ্রুত বিচারের দাবিতে শিক্ষার্থীরা উপাচার্য বরাবর তাদের ৫ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি পেশ করেন। একই সঙ্গে সোমবারের মধ্যে আসামিদের গ্রেফতার না করলে বড় ধরনের আন্দোলনে নামার হুঁশিয়ারী দেন শিক্ষার্থীরা।
এদিকে এই হামলার ঘটনার পরে বিশ্ববিদ্যালয়ের পক্ষ হতে মামলার পাশাপাশি যে তদন্ত কমিটি গঠিত হয়েছিল তার বৈধতা নিয়ে প্রশ্ন তুলে সুষ্ঠু তদন্ত কমিটি গঠন করে শিগগিরই তদন্ত প্রতিবেদন জমা দেয়ার জন্য অনুরোধ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। এছাড়াও যতদিন না এর সুষ্ঠ বিচার সম্পন্ন হয় ততদিন ক্যাম্পাসের সকল ক্লাস পরীক্ষা বর্জন করতে ঘোষণা দেন শিক্ষকদের।
আন্দোলনরত তাফসির আবেদীন তুহিন নামের একজন শিক্ষার্থী জানান, অনতিবিলম্বে যদি সুষ্ঠ তদন্তের মাধ্যমে অতি দ্রুত এই ঘটনার সাথে যুক্ত অপরাধীদের গ্রেফতার করে সুষ্ঠ বিচার না করা হয় তাহলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবরোধসহ আরো বড় ধরনের আন্দোলনের ডাক দেবে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
ওএইচ/ এআর





