প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় এ বছর ৩০ লাখ ৯ হাজার ২৬৫ জন ছাত্রছাত্রী অংশ নিচ্ছে। এর মধ্যে প্রাথমিক শিক্ষার ছাত্রছাত্রীর সংখ্যা ২৭ লাখ ৮৮ হাজার ৫৪৪। ইবতেদায়ি শিক্ষার ছাত্রছাত্রীর সংখ্যা ৩ লাখ ৫ হাজার ৭২১ জন।

এ বছর পরীক্ষার মোট কেন্দ্রসংখ্যা ৬ হাজার ৭৯১। যার মধ্যে দেশে ৬ হাজার ৭৮০টি এবং বিদেশে ১১টি। এবার পরীক্ষায় প্রাথমিক শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়লেও ইবতেদায়ি শিক্ষার্থীদের অংশগ্রহণ কমেছে।

আগামী ২৩ নভেম্বর পরীক্ষা শুরু হয়ে শেষ হবে ৩০ নভেম্বর। ছয়টি বিষয়ের ওপর প্রতিদিন বেলা ১১টা থেকে পরীক্ষা শুরু হয়ে শেষ হবে ১টা ৩০ মিনিটে। তবে বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীদের অতিরিক্ত ২০ মিনিট সময় বরাদ্দ দেওয়ার নির্দেশ দিয়েছে প্রথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এ ধরনের পরীক্ষার্থীর সংখ্যা ৩ হাজার ২৪ জন। যার মধ্যে ১ হাজার ৫৭৩ জন বালক এবং ১ হাজার ৪৫১ জন বালিকা।

ছয় বছরে প্রথমিক শিক্ষা সমাপনীতে অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে ৮ লাখ ৮ হাজার ৬৪৯ জন। অন্যদিকে পাঁচ বছরে ইবতেদায়ি সমাপনীতে অংশগ্রহণকারীর সংখ্যা কমেছে ২ লাখ ৫ হাজার ৮৮৭ জন।

উল্লেখ্য, প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষ্যে ২০০৯ সালে যাত্রা শুরু করে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা। ওই বছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৯ লাখ ৭৯ হাজার ৮৯৫। এর এক বছর পর (২০১০) শুরু হয় ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা। এতে অংশগ্রহণকারীর সংখ্যা ছিল ৩ লাখ ৩১ হাজার ৬০৮।

কেএইচ