সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ভিসি প্রফেসর ড. আমিনুল হক ভূঁইয়া তার পদত্যাগের দাবিতে বলেছেন, ‘সরকার আমাকে নিয়োগ দিয়েছে, সরকার চাইলে আমি চলে যাব।’
এদিকে, ভিসির পদত্যাগের দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক ফোরাম। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় ভিসির বাসভবনে ঘেরাও করেন আন্দোলনরত শিক্ষকরা। পরে শিক্ষকদের সঙ্গে সেখানেই ভিসি সাক্ষাৎ করেন। এ সময় শিক্ষকরা ভিসিকে পদত্যাগ করার অনুরোধ জানালে তা প্রত্যাখ্যান করেন তিনি।
আন্দোলনরত শিক্ষকরা মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দফতর ভবনে তালা দেন। সকাল ৯টা থেকে ভিসির পদত্যাগের দাবিতে ভিসি ভবনের সামনে অবস্থান নেন তারা। ভিসির ভবনে তালা না দিলেও দিনভর কাউকে ওই ভবনের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। ফলে টানা দ্বিতীয় দিনের মতো সম্পূর্ণভাবে অচল ছিল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকাণ্ড।
অন্যদিকে, দুপুর আড়াইটায় পরীক্ষা নিয়ন্ত্রক দফতর ভবনে শিক্ষকদের দেওয়া তালা ভেঙে ফেলে ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় সেখানে পুলিশ উপস্থিত থাকলেও বাধা দেয়নি।
এ ব্যাপারে আন্দোলনরত শিক্ষক, সহকারী অধ্যাপক ফারুক উদ্দিন বলেন, ভিসির নির্দেশেই ছাত্রলীগকর্মীরা এ ঘটনা ঘটিয়েছে।
বিকেল সাড়ে ৩টায় সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও শিক্ষকদের আন্দোলনের কারণে সাড়ে ৫টার মধ্যেও তা শুরু হয়নি। এ ব্যাপারে ভিসি বলেন, সিন্ডিকেট এখনও বাতিল করা হয়নি।
তবে আন্দোলনরত শিক্ষকরা জানান, সিন্ডিকেটের সভা বাতিল না করা পর্যন্ত ভিসির ভবন ত্যাগ করবে না আন্দোলনরত শিক্ষকরা। প্রয়োজনে সেখানেই তারা ইফতার করবেন।
জেআই





