রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মিজানউদ্দীনসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে অসৌজন্যমূলক আচরণ ও অপ্রীতিকর ঘটনার প্রতিবাদে মৌন মিছিল করেছে মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ।
রোববার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পূর্বের স্থানে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
প্রগতিশীল শিক্ষক সমাজের সাধারণ সম্পাদক ও পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. জাহানুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন স্টিয়ারিং কমিটির ভারপ্রাপ্ত আহবায়ক ড. মামুনুর রশিদ তালুকদার, শিক্ষক সমিতির সভাপতি আনন্দ কুমার সাহা, বাংলা বিভাগের শিক্ষক প্রফেসর শফিকুল ইসলাম, প্রফেসর ড. ইউনুস সরকার প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের ভিসি শুধুমাত্র একজন ব্যক্তি নন বরং তিনি একটা প্রতিষ্ঠান। তাকে অপমান করা মানে সমস্ত বিশ্ববিদ্যালয় পরিবারকে অপমান করা। আমরা আজকের এই মৌন মিছিল থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বক্তারা প্রধানমন্ত্রীর কাছে অবিলম্বে লাঞ্ছিতকারীদের বিচারের দাবি জানান।
এসময় অন্যান্যদের মধ্যে শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক শাতিল সিরাজসহ (শুভ) বিভিন্ন বিভাগের প্রায় শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।
এছাড়া একই দাবিতে বেলা ১২ টার দিকে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান, সমাজকর্ম ও ফোকলোর বিভাগ। এসময় স্ব স্ব বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা মানববন্ধনে অংশগ্রহণ করে।
উল্লেখ্য, নিজেদের পছন্দ মত নিয়োগ না দেওয়ায় গত বুধবার রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী ভিসির দপ্তরে ঢুকে টেবিল চাপড়িয়ে হুমকি দেন। একই ভাবে বৃহস্পতিবার রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার ১৫-২০ জন নেতাকর্মী নিয়ে অনুমতি ছাড়াই ভিসির দপ্তরে ঢুকে ভিসিসহ অন্যান্য শিক্ষকদের সাথে অসদাচারণ করে যান।
কেএইচ





