মহামারী করোনাভাইরাসের কারণে চলতি বছরের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার্থীদের আগামী ১২ অগাস্ট থেকে আবারও ফরম পূরণের নির্দেশনা দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। হবে না নির্বাচনী পরীক্ষাও।
কেবল অনলাইনে আগামী ২৫ অগাস্টের মধ্যে এই কার্যক্রম শেষ করতে বলা হয়েছে।
শনিবার (৩১ জুলাই) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
শিক্ষা বোর্ড এক বিজ্ঞপ্তিতে নির্বাচনী পরীক্ষা হবে না জানিয়ে এ সংক্রান্ত কোনো ফি আদায় করা যাবে না বলেও নির্দেশ দিয়েছে। নতুন নির্দেশনায় ফরম পূরণের ফিও কমিয়ে আনা হয়েছে।
এর আগে গত ২৫ জুন এইচএসসির ফরম পূরণের নির্দেশনা দেওয়া হলেও মহামারী পরিস্থিতির অবনতি হওয়ায় দুই দিন পরই তা স্থগিত করা হয়।
অনলাইনে ফরম পূরণ ও ফি দেওয়ার নির্দেশনা দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, “কোনো অবস্থাতেই পরীক্ষার্থী বা অভিভাবককে প্রতিষ্ঠানে স্বশরীরে আসতে বলা যাবে না, প্রয়োজনে মোবাইল ফোনে যোগাযোগ করতে হবে।”
মহামারীর কারণে গতবছরের ১৭ মার্চ থেকে দেশের সব স্কুল-কলেজ বন্ধ রয়েছে। পরিস্থিতির উন্নতি না হওয়ায় কয়েক দফা উদ্যোগ নিয়েও শিক্ষা প্রতিষ্ঠান খোলা সম্ভব হয়নি। এ পরিস্থিতিতে গতবছর উচ্চমাধ্যমিক পরীক্ষা না নিয়ে জেএসসি ও এসএসসির ফলাফলের গড় করে পরীক্ষার্থীদের মূল্যায়ন ফল প্রকাশ করেছিল সরকার।
এবার ডিসেম্বরের শুরুতে গ্রুপভিত্তিক তিনটি নৈর্বাচনিক বিষয়ের উপর এইচএসসি পরীক্ষা নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
ফরম পূরণের জন্য এবার বিজ্ঞান বিভাগে ১ হাজার ১৬০ টাকা, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে ১ হাজার ৭০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এর অতিরিক্ত ফি আদায় করলে সংশ্লিষ্ট কলেজের ফরম ফিলাপ প্যানেল বন্ধ করাসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমবি





