এসএসসি ও সমমান পরীক্ষায় সারাদেশে ১৫টি কক্ষে ভুল প্রশ্নপত্র বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, তবে ভুল প্রশ্নে পরীক্ষা দেয়া কোনো পরীক্ষার্থী ক্ষতিগ্রস্ত হবে না। সেসব খাতা আলাদা করে বিশেষভাবে মূল্যায়ন করা হবে।

আজ (০৬ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান।

শিক্ষমন্ত্রী বলেন, সারাদেশে ৫২ হাজার কক্ষে এসএসসি ও সমমান পরীক্ষার আয়োজন করা হচ্ছে। তার মধ্যে ১৫টি কক্ষে ভুল প্রশ্নপত্র বিতরণ করা হয়। পরীক্ষার প্রথমদিন প্রশ্নপত্র বিতরণে এ ভুল হয়। যদিও নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থীদের প্রশ্ন বিতরণ করার আগে তা আলাদা করা তাদের (শিক্ষকদের) দায়িত্ব।

তিনি বলেন, পরীক্ষার্থীরও প্রশ্ন পাওয়র পর একনজর দেখলে ভুল ধরা পড়ে। কিন্তু এটি পরীক্ষার হলে দায়িত্বরত শিক্ষককে দেখে প্রশ্ন বিতরণ করার কথা থাকলেও সেখানে ভুল করা হয়েছে।

দীপু মনি বলেন, এমন ভুল কেউ অমনোযোগী হয়ে করেছে, নাকি তা ভুলে হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। কোনো শিক্ষকের অমনোযোগিতা ধরা পড়লে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। তবে ভুল প্রশ্নে পরীক্ষা দেয়া কোনো পরীক্ষার্থী ক্ষতিগ্রস্ত হবে না। সেসব খাতা আলাদা করে বিশেষভাবে মূল্যায়ন করা হবে।

সংবাদ সম্মেলনে শিক্ষাউপমন্ত্রী মাহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মাহাবুব হাসান, কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব মুন্সি শাহাবুদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

এমবি