ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে হাসিবুর রহমান সামু নামে এক পরীক্ষার্থীকে দুই বছর বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার সকালে মোহাম্মদপুর মডেল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে পরীক্ষার সময় সন্দেহভাজন ওই পরীক্ষার্থীকে দায়িত্বরত শিক্ষক আটক করে প্রক্টরের হাতে সোপর্দ করেন।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. এ এম আমজাদ বলেন, হাসিবুর রহমানের কাছে ইলেক্ট্রনিক ডিভাইস পাওয়া গেছে, যেগুলো সাধারণত পরীক্ষায় জালিয়াতির ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে।
তিনি আরও বলেন, আটক ওই পরীক্ষার্থীকে ভ্রাম্যমাণ আদালত হাজির করা হলে আদালত তাকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন। ঢাকা জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌসুমী মাহবুব এই রায় দেন।
শুক্রবার সকাল ১০টা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত ঢাবির ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
কেএইচ





